উত্তরায় ‘এসি বিস্ফোরণে’ স্বামী-স্ত্রী গুরুতর দগ্ধ
রাজধানীর উত্তরায় ঘুমন্ত অবস্থায় ঘরে আগুনে এক দম্পতি দগ্ধ হয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট, (ফাইল ছবি)
দগ্ধ আলমগীর ভুঁইয়া (৫০) ও তার স্ত্রী বিলকিস বেবীকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দুজনেরই শরীরের ৯৫ শতাংশের মতো পুড়ে গেছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪১ নম্বর হোল্ডিংয়ের ছয়তলা ভবনের পঞ্চমতলার একটি কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
আলমগীরের ভাই তানজিন শাহারিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাই ও ভাবী নিজেদের কক্ষে ঘুমিয়েছিলেন। তাদের সন্তানরা ঘুমান আরেক কক্ষে।ভোর রাতে হঠাৎ এসি বিস্ফোরণে ভাই-ভাবীর কক্ষে আগুন লেগে যায়। সন্তানরা অন্য কক্ষ থেকে এসে তাদের উদ্ধার করে।
আলমগীর পেশায় একজন ব্যবসায়ী বলে জানান তিনি।
