জাহালমকাণ্ডে নাটক-সিনেমা নির্মাণ আটকাতে দুদকের আবেদন
অন্যের অপরাধে তিন বছর কারাভোগ করা জাহালমকে নিয়ে চলচ্চিত্র, টেলিভিশন নাটকসহ এ জাতীয় কিছু নির্মাণে নিষেধাজ্ঞা চেয়ে হাই কোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন।
‘বিষয়টি বিচারাধীন’ যুক্তি তুলে ধরে মঙ্গলবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়েছে।
বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় পাটকল শ্রমিক জাহালমকে আবু সালেক হিসেবে চিহ্নিত করে মামলা করে দুদক। পরে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি জাহালমকে গ্রেপ্তার করা হয়।
অন্যের অপরাধে তিন বছর ধরে জেল থাকা জাহালমকে নিয়ে সম্প্রতি প্রতিবেদন করে একটি টেলিভিশন চ্যানেল ও একটি দৈনিক পত্রিকা।
প্রচার ও প্রকাশিত প্রতিবেদন সুপ্রিম কোর্টের এক আইনজীবী হাই কোর্টের নজরে আনলে গত ৩ ফেব্রুয়ারি আদালত জাহালমকে মুক্তির নির্দেশ দেয়। আদালতের আদেশর পর রাতেই জাহালম মুক্তি পান।
এরই মধ্যে জাহালমের জীবনের এই গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্তের কথা বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানান মারিয়া তুষার নামের একজন নির্মাতা।
সোমবার আইনজীবী খুরশীদ আলম খান জানান, জাহালমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা চেয়ে সংশ্লিষ্ট হাই কোর্ট বেঞ্চে আবেদন করবে দুদক।
এ খবর প্রকাশ হলে সন্ধ্যায় নির্মাতা মারিয়া তুষার ‘জাহালম’ চলচ্চিত্র নির্মাণ স্থগিত ঘোষণা করেন।
নির্মাতার গোষণার পরও কেন আবেদন জানতে চাইলে আইনজীবী খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনেছি জাহালমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত স্থগিত করেছেন। সেটা বিষয় না।
“আবেদনে ওভারঅল একটা নির্দেশনা চেয়েছি যে, বিচারিক আদালতে সোনালী ব্যাংকের চেক জালিয়াতিসংক্রান্ত ৩৩টি মামলা এবং জাহালমের বিষয়ে হাই কোর্টে বিচারাধীন রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এর উপরে বেসিস করে কোনো ফিল্ম, শর্ট ফিল্ম, ড্রামাসহ এ ধরনের কিছু করা যাবে না।”
তিনি বলেন, “এই পরিচালক হয়তো এখন তা না করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু আরেক পরিচালক হয়তো বের হবে যে কিনা এ নিয়ে কিছু একটা করতে চান। আমরা আবেদনে বলেছি, বিচারাধীন বিষয়ে সিনেমা ও নাটক নির্মাণ করা যায় না। করলে সেটা আদালত অবমাননার পর্যায়ে পড়ে।”
সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় পাটকল শ্রমিক জাহালমকে আবু সালেক হিসেবে চিহ্নিত করে ৩৩টি মামলা করে দুদক। পরে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি জাহালমকে গ্রেপ্তার করা হয়। এরপর জাহালম তিন বছর কারাগারে ছিলেন।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুড়িয়া গ্রামের জাহালম নরসিংদীর একটি পাটকলে কাজ করতেন। স্ত্রী-সন্তানকে নিয়ে থাকতেন সেখানে।
২০১৬ সালে দুর্নীতি দমন কমিশনের এক মামলার আসামি ‘আবু সালেক’ হিসেবে গ্রেপ্তার করা হয় জাহালমকে। জাহালমের ভাষ্য, তখন তিনি বারবার বলছিলেন যে তিনি সালেক নন, কিন্তু তাতে কান দেননি দুদক কর্মকর্তারা।
