২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাহালম’ নির্মাণ স্থগিত করলেন নির্মাতা মারিয়া তুষার

‘জাহালম’ চলচ্চিত্র নির্মাণ স্থগিত করলেন নির্মাতা মারিয়া তুষার। সোমবার সন্ধ্যায় গ্লিটজকে তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2019, 08:47 PM

Updated : 10 Oct 2022, 09:00 PM

আইনি জটিলতায় পড়ে ‘জাহালম’ চলচ্চিত্র নির্মাণ স্থগিত ঘোষণা করলেন নির্মাতা মারিয়া তুষার। অন্যের অপরাধে তিন বছর ধরে জেল থাকা বহুল আলোচিত জাহালমকে সম্প্রতি একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন এ নির্মাতা। চলচ্চিত্রটি নির্মাণের জন্য যথাযথ গবেষণা, চিত্রনাট্য নির্মাণের কাজও শুরু করেছিলেন তিনি।

বিভিন্ন গণমাধ্যমে চলচ্চিত্রটি নির্মাণে জাহালম পরিবারের অনুমতি নেয়া হয়নি উল্লেখ করে সংবাদ প্রকাশ হলেও মারিয়া তুষার জানান, গত ১৫ মার্চ টাঙ্গাইলে জাহালমের বাড়িতে গিয়ে তার অভিবাবক ও বড়ভাই  শাহ আলমের কাছ থেকে অনুমতিও নিয়েছিলেন তিনি। অনুমতি সংক্রান্ত একটি ভিডিও ফুটেজও তিনি গ্লিটজকে প্রদান করেন। 

তবে, সোমবার বিচারাধীন বিষয়- যুক্তিতে জাহালমকাণ্ড নিয়ে চলচ্চিত্র নির্মাণে আদালতের নিষেধাজ্ঞা চেয়ে দুদকের আবেদনের প্রেক্ষিতে আইনি জটিলতা এড়াতে আদালতের নির্দেশনার আগেই চলচ্চিত্রটি নির্মাণ থেকে নিজেকে বিরত রাখার ঘোষণা দিয়েছেন এ নির্মাতা।

গ্লিটজকে তিনি বলেন, “আমরা কোন ধরণের আইনি জটিলতায় যেতে চাচ্ছি না। ছবিটি নির্মাণ থেকে বিরত করলাম নিজেকে। সার্বিক পরিস্থিতি ও আইনী জটিলতা মাথায় রেখে ‘জাহালম’ চলচ্চিত্রটির নির্মাণ কাজ স্থগিত করা হলো। পরিচালক হিসেবে এই চলচ্চিত্রের যে কোন ধরনের দৃশ্যধারণ থেকে নিজেকে বিরত রাখবো।”

চলচ্চিত্রটির নির্মাণ প্রসঙ্গে নির্মাতা আরও বলেন, “আমরা গবেষনা পর্যায়ে ছিলাম। জাহালমের বাড়িতে ও তার বেড়ে ওঠা, জীবন যাপনের বিভিন্ন স্থানগুলো দেখতেও গিয়েছিলাম। চিত্রনাট্য নির্মাণের কাজও শুরু হয়েছিলো।”

বিভিন্ন গণমাধ্যমে চলচ্চিত্রটি নির্মাণে পরিবার ও জাহালমের অনুমতি নিয়ে ‘মনগড়া’ সংবাদ পরিবেশিত হয়েছে উল্লেখ করে এ নির্মাতা আরও উল্লেখ করে বলেন, “আমরা তাদের বাড়িতে গিয়েছিলাম। তার বড় ভাই শাহ আলমের কাছ থেকে অনুমতি নিয়েছি। তার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছি গত ১৫ মার্চ। জাহালম বাড়িতে ছিলেন না। তার ছোটভাইর বাড়িতে ছিলেন। সেখান থেকে তার সঙ্গে ফোনেও কথা হয়েছে। তিনি খুবই খুশি হয়েছিলেন যখন শুনলেন তাকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মিত হবেন। কিন্তু দু:খের বিষয় এই কিছু কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে আমরা অনুমতি নেইনি। আমার সঙ্গে তারা কোন কথাও বলেনি।”

মারিয়া তুষারের দেয়া ভিডিও ফুটেজে জাহালমের ভাই শাহআলম বলেন, “আমি শাহআলম, আমার গ্রামের বাড়ি ডিসট্রিক্ট টাঙ্গাইল, থানা নাগরপুর, গ্রাম ধুবুড়িয়া। মারিয়া আপু আমার ভাইকে নিয়ে একটা ভাইকে নিয়ে একটা সিনেমা করার চিন্তাভাবনা করছে বা করবে, তার কোন তথ্য বা পরামর্শ যদি লাগে আমরা দিবো। আমাদের কোন আপত্তি নেই। ”

 

অন্য একটি ফুটেজে জাহালমের স্ত্রীকেও মৌখিকভাবে অনাপত্তি দিতে দেখা গেছে। ওই ফুটেজে জাহালমের স্ত্রী বলেন, “আমাদের কোন আপত্তি নাই। এটা আমাদের (জন্য) খুবই খুশির বিষয় যে আপনারা আমাদের বাড়িতে আইসেন।” ফুটেজে নিজেদের দুর্দশার কথাও তুলে ধরেন তিনি।

২০১৭ সালে  মুক্তিপ্রাপ্ত ‘গ্রাস’ চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে আলোচনায় আসা  নির্মাতা  মারিয়া তুষারের দ্বিতীয় নির্মাণ উদ্যোগ ‘জাহালম’। চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করার কথা ছিলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রিয়াজুল রিজু। তিনি ছাড়াও এ চলচ্চিত্রের প্রধান সব চরিত্রেই অভিনয় করবেন আরও ১৪ নির্মাতা-এমন তথ্যই গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা মারিয়া তুষার।

এদিকে, সোমবার জানা যায়, বিচারাধীন বিষয়- যুক্তিতে জাহালমকাণ্ড নিয়ে এ চলচ্চিত্র নির্মাণে আদালতের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির প্রধান কৌঁসুলি খুরশীদ আলম খান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংশ্লিষ্ট আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার হলফনামা আকারে দাখিল করা হবে।”

সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় পাটকল শ্রমিক জাহালমকে আবু সালেক হিসেবে চিহ্নিত করে ২৬টি মামলা করে দুদক। পরে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি জাহালমকে গ্রেপ্তার করা হয়।

অন্যের অপরাধে তিন বছর ধরে জেল থাকা জাহালমকে নিয়ে একটি টেলিভিশন চ্যানেল ও দৈনিক পত্রিকার প্রতিবেদন সুপ্রিম কোর্টের এক আইনজীবী হাই কোর্টের নজরে আনলে গত ৩ ফেব্রুয়ারি আদালত তাকে মুক্তির নির্দেশ দেয়। আদালতের আদেশর পর রাতেই কাশিমপুর কারাগার থেকে জাহালম মুক্তি পান।

খুরশীদ আলম খান বলেন, “সম্প্রতি দু’টি সংবাদপত্রের খবরে এসেছে জাহালমের জীবনের গল্প নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন কোনো এক পরিচালক। এখানে দুদকের আপত্তি হচ্ছে, জাহালমের ঘটনাটি এখনও বিচারাধীন। ফলে সাবজুডিস কোনো বিষয় নিযে সিনেমা হতে পারে না। তাই পত্রিকায় প্রকাশিত দুটি প্রতিবেদন যুক্ত করে নিষেধাজ্ঞা চেয়ে হাই কোর্টে আবেদন করতে যাচ্ছি। কাল আবেদন করা হবে।”

এদিকে এই ঘটনায় দুদকের করা সব মামলার প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর), অভিযোগপত্রসহ  (সিএস) যাবতীয় নথি চেয়েছে হাই কোর্ট।  নির্দেশ আছে, আগামী ১০ এপ্রিল তা আদালতে নিয়ে আসতে হবে দুদককে।

 

আসামি না হয়েও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পাটকলকর্মী জাহালমের তিন বছর কারাবাসের ঘটনায় গত ৫ মার্চ দুদক হলফনামা আকারে ব্যাখ্যা দাখিল করে।

পরদিন তার ওপর শুনানির পর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ পরে এ আদেশ দেয়।

জাহালমকাণ্ডে দুদকের ভূমিকায় ওইসময় উষ্মা প্রকাশ করে হাই কোর্ট দুদকের আইনজীবীকে উদ্দেশ্য করে বলে, বিনা অপরাধে জাহালমের কারাবাসের দায় দুদকের এড়ানোর সুযোগ নেই।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুড়িয়া গ্রামের জাহালম নরসিংদীর একটি পাটকলে কাজ করতেন। স্ত্রী-সন্তানকে নিয়ে থাকতেন সেখানে।

২০১৬ সালে দুর্নীতি দমন কমিশনের এক মামলার আসামি ‘আবু সালেক’ হিসেবে গ্রেপ্তার করা হয় জাহালমকে। জাহালমের ভাষ্য, তখন তিনি বারবার বলছিলেন যে তিনি সালেক নন, কিন্তু তাতে কান দেননি দুদক কর্মকর্তারা।