পৌর ভোটে সরঞ্জাম সকালে পাঠানোর চিন্তা ইসির
আড়াই শতাধিক পৌরসভায় ইভিএম ব্যবহারের পরিকল্পনা করে ভোটের দিন সকালে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসি।
এর ফলে ভোটগ্রহণও পিছিয়ে যাচ্ছে। সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে।
এতদিন ধরে দেশে সব নির্বাচনে ভোটগ্রহণ চলত সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম যেত আগের রাতে।
একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের আগের রাতেই ব্যালট বাক্স ভরতি করা হয়েছিল বলে বিএনপি দাবি তুলেছিল।
সেই অভিযোগ প্রত্যাখ্যান করলেও অনিয়মের ঘটনা এড়াতেই পৌরসভা নির্বাচনে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান।
বাংলাদেশে এখন অন্তত ৩২৮টি পৌরসভা রয়েছে। সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর একদিনেই আড়াইশ পৌরসভায় ভোট হয়েছিল। ২০২০ সালের শেষ দিকে এসব পৌরসভার মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে নতুন ভোট করতে হবে।
ইসি কর্মকর্তারা জানান, আড়াই শতাধিক পৌরসভার মেয়াদ আগামী বছর শেষ হলেও কিছু কিছু পৌরসভায় উপজেলা ভোটের পর নির্বাচন হতে পারে। সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।
ইসি সচিব হেলালুদ্দীন সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, “আসন্ন পৌরসভা নির্বাচনে সবগুলো কেন্দ্রেই ইভিএম ব্যবহারের চিন্তাভাবনা আছে। আর সকালে শুধু ইভিএম নয়; প্রিজাইডিং কর্মকর্তাও সব মালামাল নিয়ে সকালে যাবে।”
ইসির ইভিএম
“এজন্য আমরা সকালে ব্যালট ইউনিট (ইভিএম) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। যেসব কেন্দ্র খুব কাছাকাছি সেসব কেন্দ্রে সকালে ব্যালট ইউনিট পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
“আমরা একটি সিদ্ধান্ত এমন সিদ্ধান্ত গ্রহণ করেছি, আসন্ন যে পৌরসভাগুলোতে নির্বাচন হবে সেগুলোতে ব্যালট ইউনিটগুলো সকালে পাঠাব এবং সকাল ৮টার পরিবর্তে ৯টা ভোটগ্রহণ শুরু হবে।”
এক প্রশ্নে ইসি সচিব বলেন, “ইভিএম সাধারণত একটি নির্দিষ্ট সময়ের আগে ব্যবহার করা যায় না। সকাল ৮টার আগে এটি ওপেন করার কোনো সুযোগ নাই। আমরা যদি ভোট সকাল ৯টায় শুরু করি এর আগে ইভিএম ব্যবহারের সুযোগ নাই। ৯টা-৫টা ভোট নেওয়া হবে।”
২০১২ সালে প্রথমবারের মতো পৌরসভায় ইভিএমে ভোট হয়েছিল। সেবার মেয়র পদে নরসিংদী পৌরসভার সব কেন্দ্রে ইভিএমে ভোট ও এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করে তৎকালীন ইসি।
নতুন ইভিএম চালুর পর কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন ইসি সিটি নির্বাচনের কয়েকটি কেন্দ্র ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে এ প্রযুক্তি ব্যবহার করে। উপজেলা নির্বাচনেও ইভিএমে ভোট নেওয়ার কথা রয়েছে।
ফিরে দেখা
২০১১ সালের জানুয়ারি চার ধাপে আড়াই শতাধিক পৌরসভায় ভোটে প্রার্থীরা দলের সমর্থন নিয়ে ভোট করেছিল। তাতে আওয়ামী লীগ ও বিএনপি ‘সমান-সমান’ ফল পায়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৪৭টি পৌরসভার মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থীরা ৯৬টিতে নির্বাচিত হন। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিতরা জেতেন ৯৪টি পৌরসভায়।
নির্বাচন ভবন
এই দুই দলের বিদ্রোহীদের মধ্যে আওয়ামী লীগের ২১ এবং বিএনপির নয়জন মেয়র নির্বাচিত হন।
নির্দলীয় প্রাথীরা ১৮টি পৌরসভায় বিজয়ী হন। সেখানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত প্রার্থীরা দুটি এবং বিএনপির জোট শরিক জামায়াতের ছয়জন মেয়র হন।
এর বাইরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি সমর্থিত প্রার্থী একটি পৌরসভায় মেয়র নির্বাচিত হন।
২০১৫ সালের ৩০ ডিসেম্বরের ভোটে ২২৭টি মেয়র পদের ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীক জেতে ১৭৭টিতে; আর বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে ২২টিতে জয় পান।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোট ‘সুষ্ঠু হয়েছে’ দাবি করলেও বিএনপি ভোটে ‘ব্যাপক কারচুপির’ অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করে।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে ওই নির্বাচনে ৭৪ শতাংশ ভোট পড়ে, ২০টি দল তাতে অংশ নেয়।
