২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ৩৬ সোনার বার নিয়ে আটক দুই বিমানবালা

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের দুই বিমানবালাকে চার কেজির বেশি সোনাসহ আটক করেছেন ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2019, 01:39 PM

Updated : 18 Aug 2022, 05:00 PM

ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার অথেলো চৌধুরী বলেন, সোমবার মধ্য রাতে

ফারজানা আফরোজ (৩২) ও সায়মা আক্তারকে (৪০) এসব সোনার বারসহ আটক করা হয়।

তিনি বলেন, সোমবার রাত ২টার পর বিমানবন্দরের ১০ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায় টহলে থাকা কাস্টমসের টহল দলের সদস্যরা সৌদি আরব থেকে আসা সৌদি এয়ারলাইন্সের এসভি৮০২ নম্বর ফ্লাইটের দুইজন এয়ার হোস্টেসকে অনুসরণ করেন।

গ্রিন চ্যানেল অতিক্রমের পরে তাদের কাছে শুল্ক-কর আরোপযোগ্য কোনো পণ্য আছে কিনা জানতে চাইলে প্রথমে তারা অস্বীকার করেন বলে জানান অথেলো চৌধুরী।

“পরবর্তীতে মহিলা কর্মকর্তাদের মাধ্যমে তাদের দেহ তল্লাশী করে ৩৬টি সোনার বার পাওয়া যায়।”

মোট চার কেজি ২০০ গ্রাম ওজনের এসব সোনার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ১০ লাখ টাকা বলে জানান কাস্টমস উপ-কমিশনার অথেলো চৌধুরী।

এ ঘটনায় কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার এ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিয়ে আটক দুইজনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।