ঢাকা মেডিকেলের ক্যান্টিনে অস্বাস্থ্যকর খাবারে জরিমানা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্টিনে আকস্মিক অভিযানে গিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অনিয়ম ধরেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ডিএনসিআরপি।
হাসপাতালের তিনটি ক্যান্টিন, একটি ফাস্টফুড ও একটি রেস্টুরেন্টকে মোট সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছে অধিদপ্তরের অভিযান পরিচালনাকারী দল।
ডিএনসিআরপির ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে বুধবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় ঢাকা মেডিকেলের ডক্টরস ক্যান্টিনকে দুই লাখ টাকা, স্টুডেন্টস ক্যান্টিনকে এক লাখ টাকা, নার্স ক্যান্টিনকে ৫০ হাজার টাকা এবং ঢাকা মেডিকেলের ভিতরে ফাস্ট ফুড কর্ণারকে ৫০ হাজার টাকা এবং আর এস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক ফেইসবুক বার্তায় মনজুর শাহরিয়ার বলেন, নার্স ক্যান্টিনে খাবারভর্তি ট্রেগুলোকে নোংরা মেঝেতে সাজিয়ে রাখা হয়েছিল। হলুদ, মরিচ ও মসলার পাত্রগুলো ছিল উন্মুক্ত। সার্বিক পরিবেশ ছিল নোংরা ও স্যাঁতস্যাঁতে। খাবারের বর্জ্যের পাশেই রাখা হয়েছে তৈরি করা খাবার। রান্না ঘরের ভেতরেই কর্মচারীদের ময়লা ও দুর্গন্ধযুক্ত কাপড়-চোপড় মেলে রাখা হয়েছে। এটা মোটেও গ্রহণযোগ্য নয়।
ফাস্টফুড কর্নারও ছিল নানা অনিয়মে ভরা। কোনো পণ্যের উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা নেই।
এই অভিযান চালানোয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সাধুবাদ জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দিন।
“ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের অনিয়মের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে তাকে সাধুবাদ জানাই। তাদেরকে বড় অংকের জরিমানা করা হয়েছে। আশা করি, এর ফলে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে তাদের সতর্কতা বাড়বে।”
