২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৭তম বিসিএস: নন-ক্যাডারে ৫৭৮ জনকে নিয়োগ

সাইত্রিশতম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে ৫৭৮ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2019, 06:55 PM

Updated : 18 Aug 2022, 04:59 PM

বুধবার কমিশনের বিশেষ সভায় এদেরকে নিয়োগের সুপারিশ করা হয় বলে পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত বছরের ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য এক হাজার ৩১৪ জনকে সুপারিশ করে কমিশন।

তবে ৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন চার হাজার ৭৬৮ জন।

চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পান না, তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ৩১তম বিসিএস থেকে।

বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে (যারা ক্যাডার পায়নি) দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে ২০১৪ সালের ১৬ জুন নন-ক্যাডার পদের নিয়োগ বিধিমালা সংশোধন করে সরকার।

বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পায়নি তাদের মধ্য থেকে যারা প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পেতে চান তাদেরকে আলাদাভাবে কমিশনে আবেদন করতে হয়।