সুপ্রিম কোর্ট বারের ভোট চলছে
দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট দিচ্ছেন আইনজীবীরা।
সমিতি ভবনের শফিউর রহমান মিলনায়তনে বুধবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত। বৃহস্পতিবারও একই নিয়মে ভোট চলবে।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বাধীন সাত সদস্যর কমিটি এবারের নির্বাচন পরিচালনা করছেন।
এ পরিচালনা কমিটির সদস্য সমিতির জ্যেষ্ঠ সহ-সম্পাদক কাজী জয়নাল আবেদীন সকালে সাংবাদিকদের বলেন, “সমিতির বিধিমালা অনুযায়ী এবারও কেউ রাজনৈতিক প্যানেল হিসেবে প্রচারণা চালাননি। আমাদের সমস্ত প্রস্তুতি গতকালই সম্পন্ন হয়েছে।
“যথারীতি সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ৪৪টি বুথে ভোটগ্রহণ চলবে।”
প্রতি বছর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাতটি করে সম্পাদকীয় ও নির্বাহী সদস্যের পদ রয়েছে।
এসব পদে এবারের নির্বাচনে সাত হাজার ৮২৫ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান জয়নাল আবেদীন।
প্রতিদ্বন্দ্বিতা আ.লীগ-বিএনপিতেই
সাধারণ আইনজীবীদের কাছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা) আওয়ামী লীগ সমর্থিত ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) বিএনপি সমর্থিত প্যানেল হিসেবেই পরিচিত।
আইনজীবীদের ধারণা বরাবরের মত এবারও এ দুই প্যানেলের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন কয়েকজন।
তবে এবার জয় নিয়ে ফিরতে চায় আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা)। অন্যদিকে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল।
আওয়ামী লীগ সমর্থিত (সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ) প্যানেল থেকে সভাপতি পদে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন আবু মোহাম্মদ আমিন উদ্দিন (এ এম আমিন উদ্দিন)। সম্পাদক পদে আইনজীবী আব্দুন নূর দুলাল, সহ-সভাপতি পদে মো. জসিম উদ্দিন ও বিভাস চন্দ্র বিশ্বাস, সহ-সম্পাদক পদে বাসির উদ্দিন ভূঁইয়া এবং কাজী শামসুল হাসান শুভ, ট্রেজারার পদে সৈয়দ আলম টিপু প্রার্থী হয়েছেন।
এই প্যানেল থেকে সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ জগলুল কবির, মশিউর রহমান, শামীম সরদার, আফিয়া আফরোজি রানী, আওলাদ হোসেন, হুমায়ূন কবির, চঞ্চল কুমার বিশ্বাস।
অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল থেকে সভাপতি প্রার্থী হয়েছেন সমিতির সাবেক সভাপতি আব্দুল জামিল (এ জে) মোহাম্মদ আলী, যিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিভিন্ন মামলার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সমিতির বর্তমান সম্পাদক বিএনপির যুগ্ম মহাসচিব এ এম মাহাবুব উদ্দিন খোকন এবারও একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সহ-সভাপতি পদে মো. আব্দুল জব্বার ভূইয়া, আব্দুল বাতেন, কোষাধ্যক্ষ পদে মো. ইমাম হোসেন প্রার্থী হয়েছেন। সহ-সম্পাদক পদে লড়ছেন মোহাম্মদ মুজিবুর রহমান এবং শরীফ ইউ আহম্মেদ।
এই প্যানেল থেকে সদস্য পদে প্রার্থীরা হলেন- রাশিদা আলিম ঐশী, মোহাম্মদ ওসমান চৌধুরী, কাজী আখতার হোসেন, মো. শাফিউর রহমান, মো. সাইফুদ্দিন উদ্দিন রতন, মো. মোহাদ্দেস উল ইসলাম ও সৈয়দা শাহীন আরা লাইলি।
এর বাইরে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবিএম ওয়ালিউর রহমান খান ও মো. ইউনুছ আলী আকন্দ; সম্পাদক পদে মনির হোসেন, সহ-সম্পাদক পদে ফরহাদ উদ্দিন আহমেদ ভুইয়া ও সদস্য পদে তপন কুমার দাস নির্বাচন করছেন।
অর্থাৎ এবারের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের বিপরীতে মোট ৩৩ জন প্রার্থী হয়েছেন।
সাদা প্যানেলের সভাপতি প্রার্থী এ এম আমিন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথমত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন একটি পেশাজীবী সংগঠন এবং এ নির্বাচনটিও পেশাজীবীদের নির্বাচন। রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা পেশার মানোন্নয়ন ও স্বার্থে আমরা প্রচেষ্টা চালাব।”
নির্বাচিত হলে আমিন উদ্দিন আইনজীবীদের জন্য একটি কল্যাণ তহবিল ও একটি বহুতল ভবন তৈরির উদ্যোগ নেবেন বলে জানান।
বিএনপি সমর্থিত নীল প্যানেলের সম্পাদক প্রার্থী মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, “সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে গত সাত-আট বছর ধরে ধারাবাহিকভাবে আমাদের আইনজীবী ঐক্য পানেল জয়ী হয়ে আসছে।
“এই সুপ্রিম কোর্ট একদিন তলাবিহীন ঝুড়ি ছিল। আমি যখন দায়িত্ব নিয়েছি, তখন এর ফান্ড ছিল মাত্র সাত কোটি টাকা। আজকে এই ফান্ড দাঁড়িয়েছে ৬৪ কোটি টাকায়। এটা হয়েছে কারণ আমরা অপচয় বন্ধ করেছি, স্বচ্ছতা এনেছি।”
তিনি বলেন, এবারের নির্বাচনে তাদের প্যানেলের প্রতিশ্রুতি হচ্ছে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা, মানবাধিকার ও আইনজীবীদের কল্যাণে কাজ করা।
