নূর-লিটনদের বিরুদ্ধে মামলা আদালতে
ডাকসু নির্বাচনে ভোটগ্রহণের মধ্যে রোকেয়া হলের প্রাধ্যক্ষ জিনাত হুদাকে লাঞ্ছিত করা ও ভাংচুরের অভিযোগে যে মামলাটি হয়েছে, তা ঢাকার আদালতে উঠেছে।
এই মামলায় আসামির তালিকায় ভিপি পদে বিজয়ী কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নূরুল হক নূর, ভিপি প্রার্থী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ সাতজনের নাম রয়েছে।
মারজুকা রায়না নামে রোকেয়া হলের এক শিক্ষার্থীর সোমবার রাতে করা এই মামলা মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয়।
হাকিম সরাফুজ্জামান আনছারী এজাহার গ্রহণ করে আগামী ১৭ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে আদালত পুলিশের কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন মুন্সী জানিয়েছেন।
মামলাটিতে ডাকসুর সমাজসেবা সম্পাদক পদে জয়ী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আখতার হোসেন, ছাত্রদলের জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার, ছাত্র ফেডারেশনের জিএস প্রার্থী উম্মে হাবীবা বেনজীর, রোকেয়া হল সংসদের ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী শেখ মৌসুমী এবং ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র জোটের প্রার্থী শ্রবণা শফিক দীপ্তির নামও রয়েছে আসামির তালিকায়।
নৃত্যকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মারজুকার এই মামলায় আসামি হিসেবে অজ্ঞাত পরিচয় আরও ৩০-৪০ জনের কথা উল্লেখ করা হয়েছে।
সোমবার ডাকসু নির্বাচন চলাকালে রোকেয়া হলে ছাত্রলীগ বাদে অন্য প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, ভোটগ্রহণ শুরুর আগে তাদের খালি ব্যালট বাক্স দেখানো হয়নি। আর তিনটি ব্যালট বাক্সের হদিস তারা পাচ্ছেন না।
এরপর দুপুরে হলের ভোটগ্রহণ কক্ষের পেছনে আরেকটি কক্ষে ব্যালট পেপারবোঝাই ট্রাংক পাওয়া গেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কারচুপির অভিযোগ এনে তা ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় ভোটগ্রহণ বন্ধ থাকে তিন ঘণ্টা।
রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ফারহানা ফেরদৌসী বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২ হাজার ৬০৭টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। তার দাবি, ওইসব ব্যালটে কোনো চিহ্ন দেওয়া ছিল না, কারচুপির কোনো ঘটনাও সেখানে ঘটেনি।
ওই সময় ডাকসুর সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের প্রার্থী গোলাম রাব্বানীর উপস্থিতিতে সেখানে সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি প্রার্থী নুরুল হক নূরের উপর হামলা হয় বলেও অভিযোগ ওঠে।
রোকেয়া হল থেকে সহকর্মীরা বের করে আনছে নূরুল হক নূরকে; তিনি ছাত্রলীগের হামলায় আহত হন বলে অভিযোগ।
স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান সাংবাদিকদের বলেছিলেন, নূরসহ অন্তত চারজনের উপর রোকেয়া হলে হামলা করা হয়।
অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়, রোকেয়া হলে কোটা আন্দোলনের লোকজন খালি ব্যালট পেপার ছিনতাই করে ‘নাটক’ সাজিয়েছে।
ডাকসুর জিএস পদে বিজয়ী ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সংগঠনের এক সংবাদ সম্মেলন থেকে মামলার হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে শাহবাগ থানায় মামলাটি হয়।
মামলার বিষয়ে নূর মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “মিথ্যা অভিযোগে মামলা দেওয়া হয়েছে। আমরা খুব অবাক হয়েছি। রোকেয়া হলে প্রাধ্যক্ষের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে, কোনো লাঞ্ছনার ঘটনা ঘটেনি।”
মামলায় মারজুকা অভিযোগ করেন, সকাল ১১টা ২০ মিনিটে রোকেয়া হলে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। এর মধ্যে ‘হেরে যাওয়ার ভয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করার চেষ্টা চালান’ অভিযুক্তরা। তারা গণমাধ্যমকর্মীদের মধ্যে ‘গুজব ছড়িয়ে দেন যে, ট্রাকভর্তি সিলমারা ব্যালট পেপার হলের ভেতরে রয়েছে’।
“একপর্যায়ে হল প্রোভোস্ট ড. জিনাত হুদা শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, বাস্তবে তেমন কিছুই ঘটেনি। সংরক্ষিত ব্যালট পেপারগুলো সাদা। কিন্তু অভিযুক্তরা প্রোভোস্টের কথা না শুনে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং শিক্ষার্থীদের গালাগাল করেন।”
আসামিরা রোকেয়া হল সংসদের দরজা-জানালা লাথি মেরে ভেঙে ফেলার চেষ্টা চালিয়ে ভেতরে ঢুকে একটি ট্রাঙ্ক বের করে আনেন বলে মামলায় বলা হয়।
“সেটি খুলে দেখা যায়, সব ব্যালট পেপারই সাদা। কোনোটিতে সিল মারা নেই।”
