শিল্পমন্ত্রীর ফেইসবুক আইডি ‘হ্যাকারের কবলে’
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ফেইসবুক আইডি হ্যাকারের কবলে পড়েছে অভিযোগ করে থানায় জিডি হয়েছে।
তার ভেরিফায়েড ফেইসবুক পাতায় চুড়িহাট্টার অগ্নিকাণ্ড নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে পোস্ট দেখার পর অনুসন্ধানে এই তথ্য জানা যায়।
পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে দায়ী করে বক্তব্য দিয়েছিলেন শিল্পমন্ত্রী হুমায়ুন। তার এই আগাম বক্তব্য নিয়ে সমালোচনা চলছিল।
এর মধ্যে বৃহস্পতিবার রাতে হুমায়ুনের ভেরিফায়েড ফেইসবুক পাতায় ওই বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে একটি পোস্ট দেখা যায়।
তাতে লেখা ছিল, “গত ২১ ফেব্রুয়ারির চকবাজার ট্রাজেডির অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আমার বিতর্কিত মন্তব্যের জন্যে জাতির কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”
এই পোস্ট দেখার পর মন্ত্রীর সঙ্গে কথা বলতে তার মোবাইলে কল করা হলেও তিনি ধরেননি। পরে মন্ত্রীর ঘনিষ্ঠ একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হুমায়ুন এখন বিদেশে রয়েছেন। তার ফেইসবুক পাতাটি কেউ হ্যাক করেছে।
অনুসন্ধান পর্বে যোগাযোগ করা হলে ঢাকার গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই অভিযোগ বুধবার পেয়েছেন তারা।
তিনি বলেন, “গতকাল একটি জিডি হয়েছে। মন্ত্রীর পক্ষে যিনি ফেইসবুক চালান, তিনি বাদী হয়ে জিডি করেছেন।”
চকবাজারের অগ্নিকাণ্ডে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। (ফাইল ছবি)
গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পরদিন ঘটনাস্থলে গিয়ে তিনি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত বলে দাবি করেছিলেন।
এই অগ্নিকাণ্ড তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিরা এখন বলছেন, ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত সেখানকার ওয়াহিদ ম্যানশনের দোতলা থেকেই হয়েছিল, যেখানে রাসায়নিক ও দাহ্য পদার্থের গুদাম ছিল।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হয়েছেন।
