বেসরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যের চিকিৎসা ও শয্যার খবর চাইল হাই কোর্ট
‘বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১১’র শর্ত অনুযায়ী দেশের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল হাসপাতালগুলোতে অসহায়, দুস্থ ও গরিব রোগীদের বিনামূল্যে ১০ শতাংশ শয্যা ও চিকিৎসা দেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে প্রতিবেদন চেয়েছে হাই কোর্ট।
কোন কোন হাসপাতাল এ নীতিমালা মানছে বা মানছে না, প্রতিবেদনে তারও তালিকা চাওয়া হয়েছে।
আগামী ৮ মের মধ্যে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মাহবুব মিয়া হুমায়ুন নামে এক ব্যক্তির করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেয়।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আবু তৌহিদ ভূঁইয়া প্রিন্স। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
নীতিমালা অনুযায়ী দেশের বেসরকারি হাসপাতালগুলোতে অসহায়, দুস্থ ও গরিব রোগীদের জন্য বিনামূল্যে ১০ শতাংশ বেড ও চিকিৎসা দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বেসরকারি হাসপাতাল-ক্লিনিক মালিক সমিতির সভাপতি, মহাসচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ আবু তৌহিদ ভূঁইয়া প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১’র ৫ নম্বর শর্ত অনুযায়ী অসহায়, দুস্থ ও গরিব রোগীদের জন্য বিনা ভাড়ায় বেসরকারি হাসপাতালগুলোকে কমপক্ষে ১০ শতাংশ শয্যা সংরক্ষণ করতে হবে। এসব শয্যায় যেসব রোগীরা ভর্তি হবেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। আধুনিক সুযোগ সুবিধাসহ সার্বক্ষণিক জরুরি চিকিৎসা সেবা চালু থাকতে হবে।
“কিন্তু আমার মক্কেল মাহবুব মিয়া হুমায়ুন সে সুবিধা দেখতে পাননি। ফলে সংক্ষুব্ধ হয়ে জনস্বার্থে গত ২০ ফেব্রুয়ারি রিট আবেদন করেন। সেটির প্রাথমিক শুনানি নিয়ে আদালত নির্দেশনাসহ রুল জারি করেছেন।”
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, “বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১১’ কোন কোন বেসরকারি হাসপাতাল মানছে বা মানছে না, তার তালিকাসহ প্রতিবেদন দিতে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।”
রিট আবেদনকারী মাহবুব মিয়া হুমায়ুন রাজধানীর শ্যামলীর রিং রোড এলাকার ‘সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল’সহ কয়েকটি বেসরকারি হাসপাতোলে গিয়ে নীতিমালা অনুযায়ী এই সুবিধা দেখতে না পেয়ে গত ৩০ জানুয়ারি হাসপাতাল কর্তৃপক্ষকে উকিল নোটিস দেন।
উকিল নোটিসের জবাব না পেয়ে পরে তিনি হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন; যার প্রাথমিক শুনানির পর নির্দেশনাসহ রুল জারি করলো আদালত।
