সাতরাস্তায় দুই ঘণ্টা শ্রমিক বিক্ষোভ, যানজট
বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে দুই ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছে খিলক্ষেতের একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক।
খিলক্ষেতের নামাপাড়ার বুটঘাট এলাকার 'নাব ফ্যাশন লিমিটেড’ নামের ওই গার্মেন্টের শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানায় গিয়ে তালা ঝোলানো দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
এরপর তারা পায়ে হেঁটে তেজগাঁওয়ের সাতরাস্তা ও এফডিসি মোড়ে এসে বিক্ষোভ শুরু করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বলে ঢাকা মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (ট্রাফিক উত্তর) কাজী রোমানা নাসরিন জানান।
তিনি বলেন, সকাল সাড়ে ৭টা থেকে পৌনে ১০টা পর্যন্ত শ্রমিকরা রাস্তা আটকে রেখে বিক্ষোভ দেখায়। এরপর তারা অভিযোগ জানাতে বিজিএমইএ ভবনের দিকে চলে গেলে আবার যানবাহন চলাচল শুরু হয়।
দিনের শুরুতে গুরুত্বপূর্ণ এই সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে অফিস ও স্কুল কলেজগামী যাত্রীরা।
হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক লায়লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তেজগাঁও এসে হঠাৎ বিক্ষোভ দেখে তাকে বাড্ডা ঘুরে যেতে হয়েছে। ফলে সকাল ৯টার ক্লাসটি তিনি নিতে পারেননি।
তিন মাসের বেতন বকেয়া রেখে রাজধানীর খিলক্ষেতে একটি পোশাক কারখানায় তালা ঝুলিয়ে দেওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা বৃহস্পতিবার তেজগাঁও সাতরাস্তার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করার পর বিজিএমইএ কার্যালয়ে প্রতিবাদ জানাতে যায়। ছবি: মাহমুদ জামান অভি
ওই কারখানার কাটিং শাখার কর্মী আল আমিন বলেন, “আগে থেকে আমাদের কোনো নোটিস দেওয়া হয়নি। খবর পেয়েছি, কারখানার জিএম, ম্যানেজারসহ কর্মকর্তারা গত রাতেই সরে গেছেন। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।”
মোছাম্মত চাদনী আক্তার নামের আরেক কর্মী বলেন, “জানুয়ারি থেকে নাকি বেতন বাড়ানো হয়ছে। কারও ২০০ টাকা, ১০০ টাকা বা ৫০০ টাকা করে বাড়াইছে। কিন্তু আমরা কেউ বাড়তি বেতন পাইনি।”
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক ফারজানা আক্তার বলেন, বকেয়া বেতন-ভাতাসহ তাদের সকল পাওনা আইন অনুসারে পরিশোধ করার জন্য বিজিএমনইএর কাছে দাবি জানিয়েছেন তারা।
শ্রমিকরা বলছেন, দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন দেওয়া হয় না বলে নাব ফ্যাশন লিমিটেডের কর্মীরা গত কয়েক মাস ধরেই চাকরি ছেড়ে যাচ্ছিলেন। তবে এখনও সাড়ে চারশোর মত কর্মী রয়েছে ওই কারখানায়।
নাব ফ্যাশন লিমিটেডের এমডি জেসমিন আক্তারের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইল ফোনে কল করে তা বন্ধ পাওয়া যায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর ক্রাইসিস ম্যানেজম্যান্ট বিভাগের কর্মকর্তা মনসুর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই কারখানার মালিক দেশের বাইরে থাকেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। দুই পক্ষের মতামতের ভিত্তিতে সমস্যার সমাধানের চেষ্টা করবে বিজিএমইএ।”
