আচরণবিধি: তৎপর হতে প্রশাসনকে ইসির নির্দেশ
উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে ‘তৎপর’ হওয়ার নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, জননিরাপত্তা বিভাগের সচিব ও পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বুধবার সংশ্লিষ্টদের কাছে আলাদা আলাদাভাবে ইসির এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন।
সেই সঙ্গে নির্বাচনে বিশৃঙ্খলা, অনিয়ম ও আইন বহির্ভূত ঘটনা ঘটলে কাউকে ছাড় না দিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে ইসি।
কমিশনের নির্বাচন পরিচালনা শাখার যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান মাঠ কর্মকর্তাদের কাছে এ চিঠি পাঠিয়েছেন।
ইসির উপ সচিব আতিয়ার রহমান জানান, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকেও এ বিষয়ে ‘কঠোর হওয়ার’ নির্দেশ দেওয়া হয়েছে।
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম চার ধাপের ভোট হবে ১০ মার্চ, ১৮ মার্চ, ২৪ মার্চ ও ৩১ মার্চ। শেষ ধাপের উপজেলাগুলোতে ভোট হবে জুনে।
এ নির্বাচন সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপক অভিযোগের মধ্যে সাংসদদের ঠেকাতে স্পিকারের কাছে চিঠি দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। এবার প্রশাসন-পুলিশের শীর্ষ কর্মকর্তা ও মাঠ পর্যায়ে কর্মকর্তাদের চিঠি দিল ইসি।
সচিব ও আইজিপিকে চিঠি
মন্ত্রিপরিষদ বিভাগ সচিব, জনপ্রশাসন সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব ও পুলিশ মহাপরিদর্শককে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আচরণবিধি প্রতিপালনে নির্বাহী হাকিমরা যেন তাদের দায়িত্ব পালনে আরও তৎপর হন সে বিষয়ে নির্দেশনা দেওয়া প্রয়োজন।
“নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা পরিবেশ বিনষ্টকারী কোনো কর্মকাণ্ড বা কোনো ধরনের অপচেষ্টা ইসির কাছে গ্রহণযোগ্য হবে না। স্থানীয় প্রশাসন-পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
মাঠ প্রশাসন-পুলিশকে কঠোর নির্দেশনা
জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের পাঠানো ইসির নির্দেশনায় বলা হয়েছে, যারা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করবেন, হাকিমরা নির্দ্বিধায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।
নির্বাচনে ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা পরিবেশ বিনষ্টকারী’ যে কোনো কর্মকাণ্ড বা কোনো ধরনের চেষ্টার বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে চিঠিতে বলা হয়, কমিশন নির্বাচনী দায়িত্ব পালনে কারও অবহেলা প্রত্যাশা করে না।
“ইসির সিদ্ধান্ত রয়েছে- নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম বা আইনবহির্ভূত ঘটনা ঘটলে যে কাউকে জবাবদিহিতার আওতায় আনা হবে। এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে প্রভাবমুক্ত থাকতে হবে।”
