ভেজালবিরোধী অভিযান জোরদার হচ্ছে: প্রধানমন্ত্রী
দেশের মানুষের নিরাপদ খাদ্য পাওয়া নিশ্চিত করতে ভেজালবিরোধী অভিযান আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদে নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজালবিরোধী অভিযান আরও জোরদার করা হচ্ছে। খাদ্যের মান ফিরে না আসা পযন্ত ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
তিনি জানান, নির্বাহী হাকিমরা নিয়মিতভাবে ভাম্যমাণ আদালত পরিচালনা করছে এবং ক্ষেত্র বিশেষে অপরাধের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠান সিলগালা করে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে।
ভেজাল খাদ্য যাতে একস্থান থেকে অন্যত্র স্থানান্তরিত না হতে পারে, সেজন্য সড়ক-মহাসড়কের গুরত্বপূর্ণ স্থানে পুলিশ নিয়মিত তল্লাশি করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে পাঁচ বছর (২০১৭-২০২১) মেয়াদী কৌশলপত্র প্রণয়নের কথা উল্লেখ করে বিভিন্ন বিধিমালা ও প্রবিধানমালা প্রণয়নের কথা তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, দেশের সব জেলা ও ৭টি মেট্রোপলিটন এলাকায় মোট ৭১টি বিশুদ্ধ খাদ্য আদালত গঠন করা হয়েছে। খাদ্যে ভেজাল নিরুপণ এবং পরীক্ষার জন্য ১০টি ল্যাবরেটরি ও ২৩৪টি টেস্ট প্যারামিটারকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
এছাড়াও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদ এবং উপজেলা, জেলা ও বিভাগীয় পযায়ে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, খাদ্যশস্যের উৎপাদন প্রতি বছরেই ধারাবাহিকভাবেই বাড়ছে। ২০০৮-০৯ অর্থ বছরে যেখানে মোট খাদ্যশস্য উৎপাদন ছিল তিন কোটি ৩৩ লাখ ৩ হাজার মেট্রিক টন, সেখানে বর্তমানে তা বেড়ে চার কোটি ১৩ লাখ ২৫ হাজার মেট্রিক টন হয়েছে। উৎপাদনশীলতার ধারবাহিকতায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
এম এ মতিনের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশের ৯৩ শতাংশ গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। বাকি ৭ শতাংশ গ্রাহকদের আগামী ২০১৯-২০ সালের মধ্যেই এ সুবিধার আওতায় আনা সম্ভব হবে।
মোহাম্মদ সাহিদুজ্জামানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দৃষ্টিতে দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিক সমান। আমরা সবার জন্য কাজ করব।
“জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য একাদশ সংসদ নির্বাচনের পূর্বে আমরা দেশের সকল নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ করেছি। সরকার পরিচালনার ক্ষেত্রে অঅমরা সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছি। সংসদের বিরোধীদলের সদস্যদের সমন্বয়ে সংসদীয় স্থায়ী কমিটিসহ বিভিন্ন কমিটি গঠন করেছি।”
উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
