বঙ্গভবনের ব্যাখ্যা ও লেখকের প্রতিক্রিয়া
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মতামত পাতায় প্রকাশিত একটি নিবন্ধের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।
এম এম আর জালাল ও তানভীর ইসলামের লেখা ‘বঙ্গভবনের একশ বছর স্মারক গ্রন্থে কিছু অসঙ্গতি’ শীর্ষক মতামত গত ২ মার্চ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মতামত পাতায় প্রকাশিত হয়।
মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “‘বঙ্গভবনের একশ বছর স্মারক গ্রন্থে কিছু অসঙ্গতি’ শীর্ষক মতামতটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। নিবন্ধটিতে যেসব অসঙ্গতির কথা বলা হয়েছে, সেগুলোর কারণেই উক্ত বইটি প্রচার করা হয়নি।”
তিনি বলেন, “অসঙ্গতিপূর্ণ তথ্যগুলোকে সংশোধন করে বইটি সংশোধিত আকারে প্রকাশের জন্য বাংলা একাডেমিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে বাংলা একাডেমি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে এবং প্রকাশনার কাজ এগোচ্ছে।”
লেখকদ্বয়ের বক্তব্য
বঙ্গভবনের এই বক্তব্যের বিষয়ে লিখিত প্রতিক্রিয়া জানিয়েছেন নিবন্ধের লেখক এম এম আর জালাল ও তানভীর ইসলাম। তাদের বক্তব্য হুবুহু প্রকাশ করা হল-
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মতামত পাতায় গত ২ মার্চ প্রকাশিত আমাদের নিবন্ধ ‘বঙ্গভবনের একশ বছর স্মারক গ্রন্থে কিছু অসঙ্গতি’ প্রসঙ্গে বঙ্গভবনের ব্যাখার জন্য রাষ্ট্রপতির প্রেস সচিবকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমরা জেনে খুশি হয়েছি যে নিবন্ধে উল্লিখিত অসঙ্গতিপূর্ণ তথ্যগুলো সংশোধন করে বইটি সংশোধিত আকারে প্রকাশের জন্য বাংলা একাডেমিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মাননীয় প্রেস সচিব মো জয়নাল আবেদীন যদিও ব্যাখায় উল্লেখ করেছেন, বইটি প্রচার হয়নি; কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের একটি লাইব্রেরি থেকে সম্প্রতি বইটি সংগ্রহ করেছি এবং এর কপি আরও নানা জায়গায় আছে।
এর নমুনা হিসেবে একটি লিংক আমরা দিচ্ছি।
[https://www.worldcat.org/title/hundred-years-of-bangabhaban-1905-2005/oclc/608474863&referer=brief_results?fbclid=IwAR2jcWF-7-KNWgj7KCgL_MHKP0geVtDuvulHZofxYEFZuBKrzQl8WSjAshY]
বইটি সংশোধিত আকারে প্রকাশিত হলে এসব লাইব্রেরিতে বইটির সংশোধিত কপি পাঠানোর জন্য আমাদের বিশেষ অনুরোধ রইল।
রাষ্ট্রপতির কার্যালয় ও প্রেস সচিবকে আবারও অনেক ধন্যবাদ বইটি সংশোধনের উদ্যোগ নেওয়ার জন্য এবং এ বিষয়ে আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে জানাতে অনুরোধ করছি।
