নথি গায়েব: রাজউক কর্মচারীর ১১ বছরের সাজা
বহুতল ভবনের নকশা অনুমোদন সংক্রান্ত ৫৭টি নথি গায়েবের ঘটনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক কর্মচারীকে ১১ বছরের সাজা দিয়েছে হাই কোর্ট।
দণ্ডিত করণিক মো. শফিউল্লাহ রাজউকে ইস্যুক্লার্ক হিসেবে কর্মরত থাকায় ওই অপরাধ করেন। বর্তমানে তিনি স্টেট সেকশনের স্টেনোক্লার্ক হিসেবে কর্মরত আছেন। বিচারিক আদালতের রায়ে এ মামলায় খালাস পেয়েছিলেন তিনি।
ওই রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিলের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ রোববার এই রায় দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। আসামিপক্ষে ছিলেন এ কে এম ফখরুল ইসলাম।
আমিন উদ্দিন মানিক পরে সাংবাদিকদের বলেন, ঢাকার একটি বিশেষ জজ আদালত ২০১৭ সালের ২১ নভেম্বর শফিউল্লাহকে নির্দোষ বলে রায় দিয়েছিল। দুদক গত বছরের ৭ এপ্রিল ওই রায়ের বিরুদ্ধে আপিল করে।
উচ্চ আদালত শফিউল্লাহকে দণ্ডবিধির ২০৪ ও ২০৭ ধারায় ২ বছর করে চার বছর এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় ৭ বছর অর্থাৎ মোট ১১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে।
আগামী ১৫ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত।
তার সব ধারার সাজা একীভূত হয়ে চলবে বলে আদালতের নির্দেশনায় বলা হয়েছে। অর্থাৎ শফিউল্লাহকে সাত বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
শফিউল্লাহর বাড়ি চাঁদপুরের মতলবের রসুলপুর এলাকায়। দুদকের উপ-সহকারী পরিচালক খন্দকার আখেরুজ্জামান ২০১৩ সালের ১০ অক্টোবর মতিঝিল থানায় তার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়, শফিউল্লাহ অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে রাজউকের বহুতল ভবনের নকশা অনুমোদন সংক্রান্ত ৫৭টি নথি অথরাইজড অফিসারদের দপ্তরের রেকর্ড রুমে না পাঠিয়ে সেগুলো নষ্ট ও গায়েব করেন।
