২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বল্প খরচে সর্বোচ্চ উন্নয়নে নজর দিতে হবে: প্রকৌশলীদের প্রধানমন্ত্রী

দেশের মানুষের কথা ভেবে স্বল্প খরচে সর্বোচ্চ উন্নয়নের লক্ষ্যে কাজ করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2019, 01:37 AM

Updated : 10 Oct 2022, 08:58 PM

শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশের (আইইবির) ৫৯তম কনভেনশনে একথা বলেন তিনি।  

শেখ হাসিনা বলেন, “আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে মনে রাখতে হবে, দেশের জলবায়ু, ভৌগলিক অবস্থান, আমাদের মাটি, পানি সবকিছুর কথা। এসব বিবেচনা করে এবং মাটি ও মানুষের কথা ভেবে আমাদের সকল পরিকল্পনা গ্রহণ করার কৌশল নির্ধারণ করা এবং সেভাবে আমরা খুব মিতব্যয়ী হয়ে স্বল্প খরচে সর্বোচ্চ উন্নতি যেন দেশের জন্য করতে পারি, সেই কথাটাই আমাদের সব সময় চিন্তা করতে হবে।”

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “দেশের প্রতিটি সেক্টরকে উন্নত করতে আমরা কর্মসূচি হাতে নিয়েছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন সারা বিশ্বের কাছে দৃশ্যমান এবং অনেকেই বিস্মিত হয়ে থাকেন এত অল্প সময়ে বাংলাদেশে আমরা কীভাবে এত দ্রুত উন্নতি করতে পারলাম।

“এক্ষেত্রে আমার বক্তব্য খুব স্পষ্ট, একটাই এখানে কোনো কিছু লাগে না। একটা জিনিসই আমরা মনে করি- একটা রাজনৈতিক কমিটমেন্ট থাকতে হবে।”

সীমিত আয়তনের বাংলাদেশে উন্নয়নের সুফল যেন ১৬ কোটি মানুষ পায়, সে লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালনার কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “এই উন্নয়নের মূল বিষয়টা যেমন সেখানে শিক্ষাকে আমরা সব থেকে গুরুত্ব দিয়েছি এবং এই শিক্ষার সাথে সাথে আমরা কারিগরি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছি।”

প্রতিটি জেলায় কারিগরি ইনস্টিটিউট এবং প্রতি উপজেলায় কারিগরি বিদ্যালয় গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

বিশ্বের প্রায় সব সভ্যতাই নদীর তীরে গড়ে ওঠার কথা উল্লেখ করে নদী ও জলাধার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “আমাদের নদীকে বাঁচাতে হবে। খাল-বিল বাঁচাতে হবে। জলাধার বাঁচাতে হবে।  তাছাড়া যে কোনো পরিকল্পনার সাথে একটা জলাধার, এটা যেন পরিবেশটাও সুন্দর রাখে, জায়গাটাও একটু মনোরম হয়। আবার যে কোনো দুর্ঘটনার সময় কাজে লাগে। যেমন একটা আগুন লাগলে পানির প্রয়োজন হয়।”

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশের (আইইবির) সভাপতি আবদুস সবুর, সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।