ঢাবিতে স্বতন্ত্র প্রার্থীকে মারধর ও রাতভর আটকে রাখার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াতে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর ওপর চাপ প্রয়োগ এবং একজনকে মারধর করে রাতভর আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগের রাতে এসব ঘটনা ঘটেছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, হাজী মুহম্মদ মুহসীন ও শহীদুল্লাহ হল ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এস এম হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হওয়া মাহবুবুর রহমান সাজিদকে মারধর ও রাতভর একটি কক্ষে আটকে রাখার অভিযোগ এসেছে।
হল ছাত্রলীগ মনোনীত সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী মোস্তফা সরকার মিসাদসহ সংগঠনের হল শাখার সাবেক নেতাকর্মীরা তার ওপর নির্যাতন চালান বলে অভিযোগ সাজিদের, যিনি নিজেও ছাত্রলীগকর্মী হিসেবে পরিচিত।
ঘটনার বিস্তারিত তুলে ধরে মাহবুবুর রহমান সাজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বইমেলার স্টলে কাজ করি। মেলা শেষে রাত ৯টার দিকে ছাত্রলীগ প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা সরকার মিসাদ, মিজান, মাসুদ আমাকে মেলা থেকে ধরে নিয়ে আসে। পরে তারা আমাকে হলের ১১১ নম্বর রুমে নিয়ে আসে। সেখানে আমাকে আটকে রেখে মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাপ প্রয়োগ করেন।
“আমি রাজি না হওয়ায় আমাকে মারধর করেন। আমার মোবাইল নিয়ে ফেইসবুক চেক করেন, কিন্তু কিছুই খুঁজে পায়নি। আমি বলেছি, নির্বাচনে অংশগ্রহণ করা আমার অধিকার। তখন ছাত্রলীগের সাবেক নেতা অনিক আমার গালে থাপ্পড় মারে। এরপর রাত দেড়টা পর্যন্ত সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের পর আমি প্রার্থিাতা প্রত্যাহার করতে রাজি হই।”
এরপরেও সারারাত তাকে অনিকের কক্ষে আটকে রাখা হয় অভিযোগ করে সাজিদ বলেন, “সকালে জোর করে হল অফিসে নিয়ে আমাকে দিয়ে প্রত্যাহারপত্র লেখান। কিন্তু আমি প্রাধ্যক্ষকে বিষয়টি জানালে তিনি আমার প্রত্যাহারপত্র ছিড়ে ফেলেন। তিনি ছাত্রলীগ মনোনীত হল সংসদের সাধারণ সম্পাদক প্রার্থী জুলিয়াস তালুকদার সিজার ভাইকে আমার নিরাপত্তার দায়িত্ব দেন।”
এ বিষয়ে জানতে চাইলে সিজার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সকালে হল অফিসের পাশে অন্য কাজে গিয়ে ঘটনা শুনতে পারি। শুনেছি তাকে আটকে রেখে মারধর করা হয়েছে। নির্বাচন করার অধিকার সবারই রয়েছে। ঘটনা জানতে পেরে হল প্রাধ্যক্ষ তার নিরাপত্তার দায়িত্ব আমাকে দিয়েছেন।
“আমি সাজিদকে বলেছি, পরবর্তীতে যদি তার কোনো নির্বাচনী প্রচারণায় বাধা দেয় তাহলে আমি তার নিরাপত্তা দেব।”
এ বিষয়ে ব্ক্তব্যের জন্য সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ মাহবুবুল আলম জোয়ার্দারকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
এছাড়াও এস এম হল সংসদে সহ-সাধারণ সম্পাদক প্রার্থী হওয়া মেহেদী মাসুদ পিয়াস চাপের মুখে শেষ মুহূর্তে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে হলের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন।
ছাত্রলীগকর্মীদের চাপে স্বতন্ত্র হিসেবে সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী শাকিকুল ইসলাম সাগর হল থেকে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ছাত্রলীগের সভাপতি ও ডাকসুর সহ-সভাপতি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বিরুদ্ধেও তার হল হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের একাধিক স্বতন্ত্র প্রার্থীকে কক্ষে ডেকে নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে।
হলের অন্তত তিনজন স্বতন্ত্র প্রার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ৩টার দিকে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন মুহসীন হলে তার কক্ষে (নম্বর ৩৩২) সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীদের ডাকেন। তাদের ভেবে চিন্তে প্রার্থিতা প্রত্যাহার করতে বলেন তিনি।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একজন প্রার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি রুমে ঘুমোচ্ছিলাম। রাত ৩টার দিকে ছাত্রলীগের কয়েকজন এসে বলল শোভন ভাইয়ের রুমে যেতে। সেখানে জহির ভাই আর সানী ভাইও (হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক) ছিল। শোভন ভাই সবাইকে নমিনেশন প্রত্যাহার করার কথা বলেন। আমরা কোনো কথা বলিনি। “দুপুর ১টায় ছিল প্রত্যাহারের শেষ সময়। এই সময়টা হলের বাইরেই তাই কাটিয়েছি।”
তবে প্রার্থীদের চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছেন হল ছাত্রলীগের সহ-সভাপতি প্রার্থী শহীদুল হক শিশির।
ছাত্রলীগের প্যানেল থেকে হল সংসদে সহ-সভাপতি প্রার্থী হওয়া শিশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাউকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়নি। ওরাও ছাত্রলীগের, তাই ভাই (শোভন) ডেকে কথা বলেছেন।”
কোনো প্রার্থী বা ভোটারকে ভয় দেখানোর বিষয়ে ডাকসু নির্বাচনের আচরণবিধির ৯ (গ) ধারায় বলা হয়েছে, “কোনো প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা ভোটারকে ভয়ভীতি প্রদর্শন, বলপ্রয়োগ ও ভোটদানে বাধাগ্রস্ত করতে পারবেন না।”
আচরণবিধি লঙ্ঘনের শাস্তি হিসেবে ১৫ (ক) ধারায় বলা হয়েছে, “নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার লিখিত অভিযোগ প্রাপ্তি ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার প্রয়াজনবাধে স্বপ্রণোদিতভাবে তাৎক্ষণিক ব্যবস্থাও গ্রহণ করতে পারবেন।
আচরণবিধির ১৫(খ) ধারায় বলা হয়েছে, “কোন প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয়/বিশ্ববিদ্যালয়র আইন অনুযায়ী অন্য যে কোনো দণ্ডে দণ্ডিত হবেন।”
হলে ছাত্রলীগ নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারে ‘নির্যাতন, চাপ প্রয়োগও হুমকি দেওয়ার’ প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী এম আর আসিফুর রহমান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেন তিনি। একইসাথে ভোট গ্রহণের সময়সীমা সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানোর দাবিও জানিয়েছেন আসিফ।
এ বিষয়ে আসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে প্রত্যেক শিক্ষার্থীরই প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে। আমি স্বতন্ত্রভাবে ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। ইতোমধ্যে বিভিন্ন হলের স্বতন্ত্র প্রার্থীরা আমার সঙ্গে যোগাযোগ করছে বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে।
“এই মুহূর্তে ছাত্রলীগ স্বতন্ত্র প্রার্থীদের মারধর করে চাপ প্রয়োগ করছে। আমি এই ঘটনার প্রতিবাদ জানাই। এটা আচরণবিধির সুস্পষ্ট লংঘন। ব্যবস্থা নিতে উপাচার্যের কাছে অভিযোগপত্র দিয়েছি যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।”
