২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবার, কর্মস্থল, যাতায়াতে হয়রানির শিকার  নারী: বিচারপতি জিনাত আরা

বিচারপতি জিনাত আরা বলেছেন, প্রাতিষ্ঠানিক পর্যায়ে কমলেও পরিবারে, কর্মস্থল, পরিবহন, যাতায়াত ব্যবস্থায় যৌন হয়রানিসহ নারীরা বিভিন্নভাবে নানা রকম হয়রানির শিকার হচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2019, 04:17 PM

Updated : 18 Aug 2022, 04:55 PM

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দক্ষিণ বাংলা নারী আইনজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আপিল বিভাগের বিচারপতি জিনাত আরা বলেন, জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীর সমান অধিকারের বিষয়টি সংবিধানের ১৯ এবং ২৮ অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন আইনে নারী সুরক্ষার বিষয়টি প্রাধান্য পেয়েছে এবং নারী নিরাপত্তায় বিশেষ বিশেষ আইন প্রনয়ণ করা হয়েছে।’

“তারপরও নারীরা এখনও বিভিন্নভাবে নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছে। পরিবার, কর্মস্থল, পরিবহন, যাতায়াত ব্যবস্থায় বিভিন্নভাবে নানা রকম হয়রানি ও যৌন হয়রানির শিকার হচ্ছে।”

প্রাতিষ্ঠানিক পর্যায়ে নারী নির্যাতন অনেক হ্রাস পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, নারীর নিরাপদ কর্মপরিবেশ, কর্ম ঘণ্টা, মজুরী ইত্যাদি বিষয়ে নিশ্চিত করা গেছে অনেক ক্ষেত্রেই।

জিনাত আরা বলেন, “নারীর ক্ষমতায়নে সবার আগে পুরুষকেই এগিয়ে আসতে হবে। নারীর অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক মুক্তির পথ সুগম হলেই শুধু এ দিবস তার সার্থকতা খুঁজে পাবে।”

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, “নারীর ক্ষমতায়নের প্রক্রিয়াটি হচ্ছে, আপনার নিজের সিদ্ধান্ত, নিজের চিন্তা, আপনার নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করতে পারবার ক্ষমতা। নারীর ক্ষমতায়েন প্রক্রিয়ায় যিনি নিরন্তর লড়াই করছেন তার পাশে আমাদের থাকতে হবে।”

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেন, ‘১৬ কোটি জনসংখ্যার ৮ কোটি নারী। এই নারীদের পেছনে রেখে উন্নয়ন সম্বব নয়।”

পরিষদের সভাপতি সুরাইয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।