একুশের বইমেলা দুদিন বেড়েছে
বৈরী আবহাওয়ার কারণে প্রকাশকদের দাবির মুখে একুশের বইমেলা আরও দুদিন চালানোর সিদ্ধান্ত হয়েছে।
একুশের বইমেলা ফেব্রুয়ারি মাসজুড়ে চলে। সে অনুযায়ী, বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারি মেলা শেষ হওয়ার কথা ছিল।
এদিন সন্ধ্যায় মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু সময় আরও দুদিন বাড়ানোর ঘোষণা দেন।
ফাল্গুনের মধ্যভাগে লঘুচাপের কারণে ঝড়ো হাওয়া-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রকাশকরা মেলার সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। তবে বুধবারও তা নাকচ করেছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশকদের দুর্ভোগের কথা ভেবে মেলা আরও দুই দিন চালানোর নির্দেশনা দেন বলে জানান প্রতিমন্ত্রী খালিদ।
বৃষ্টির কারণে বুধবার মেলা প্রাঙ্গণে জমে যায় পানি
তিনি বলেন, “কটা দিন কষ্ট হয়েছে, ঝড়-বৃষ্টিতে প্রকাশকদের ক্ষতি হয়েছে, আমরা সেজন্য দুঃখ প্রকাশ করছি।
“মেলার প্রকাশকরা আমাদের অনুরোধ করেছেন মেলার সময়সীমা বাড়ানো যায় কি না? বইমেলা মূলত ফেব্রুয়ারি মাসকে ঘিরে। এছাড়া ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠান হবে।
“বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছি। তিনি মেলার সময়সীমা আরও দুই দিন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আগামী ২রা মার্চ মেলার সমাপ্তি হবে।”
‘মানসম্মত বই’ ১১৫১টি
এবার গ্রন্থমেলায় প্রকাশিত ৪ হাজার ৬৮৫টি নতুন বইয়ের (বাংলা একাডেমিরি তথ্য কেন্দ্রের হিসাব) মধ্যে ১১৫১টিকে ‘মানসম্পন্ন বই’ বলছে বাংলা একাডেমি।
বৃহস্পতিবারের অনুষ্ঠানে এই তথ্য জানান গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ।
তিনি জানান, বাংলা একাডেমি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২ কোটি ৯১ হাজার টাকার বই বিক্রি হয়েছে, গতবার এই অঙ্ক ছিল ১ কোটি ৬৫ লাখ টাকা।
জালাল আহমেদ বলেন, “আজকেও যে সংখ্যক ক্রেতা মেলায় এসেছেন, তাতে মনে হচ্ছে আজকে প্রায় ১৫ লাখ টাকার বই বিক্রি হবে। সেই হিসেবে বলতে গেলে বাংলা একাডেমির বই বিক্রির পরিমাণ ২ কোটি ১৫ লাখ টাকা।"
বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, পুরো মেলায় বই বিক্রি হয়েছে ৭০ কোটি ৫০ লাখ টাকার।
বৈরী আবহাওয়ার মধ্যেও বৃহস্পতিবার মেলায় ছিল এমন ভিড়
জালাল আহমেদ বলেন, “যত প্রকাশকের সাথে আমাদের কথা হয়েছে সে হিসেবে আমরা বলতে পারি, গতবারের চেয়ে অন্তত ১০ শতাংশ বেশি বই এবার বিক্রি হয়েছে।”
বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বলেন, “২০১৯ এর গ্রন্থমেলা অন্য সময়ের চেয়ে বিস্তৃত, ব্যাপক ও বর্ণাঢ্য। প্রথমবারের মতো বইমেলায় যুক্ত ছিলো লেখক বলছি মঞ্চ, কবিকণ্ঠে কবিতাপাঠ, প্রাচীন শিল্পীদের পরিবেশনা এবং নান্দনিক সমাপনী অনুষ্ঠান। এই মেলাকে কেন্দ্রকে বাংলাদেশ ও সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যেভাবে বাঙালিরা ছুটে এসেছেন তা মেলার সর্বজনগ্রাহ্যতাকে প্রমাণ করে।”
বিভিন্ন পুরস্কার প্রদান
এবা বাংলা একাডেমি প্রবর্তিত কবি জসিমউদদীন সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি নির্মলেন্দু গুণ। চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরষ্কার ২০১৯ দেওয়া হয়েছে প্রকাশনী সংস্থা কথাপ্রকাশকে।
মুনীর চৌধুরী স্মৃতি পুরষ্কার দেওয়া হয়েছে প্রকাশনী সংস্থা প্রথমা প্রকাশন, জ্যার্নিম্যান বুকস ও চন্দ্রাবতী একাডেমিকে।
রোকনুজ্জামান খানা দাদাভাই স্মৃতি পুরষ্কার দেওয়া হয়েছে পাঞ্জেরি পাবলিকেশনসকে। শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরষ্কার দেওয়া হয়েছে মধ্যমা, বাতিঘর ও পাঞ্জেরি পাবলিকেশনসকে।
