ভিক্ষুকের নামে সিম তুলে ফোন করে চাঁদাবাজি
গাজীপুরের এক ভিক্ষুকের মোবাইল সিম ব্যবহার করে শীর্ষ সন্ত্রাসী সেজে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা তিনজনের একটি চক্রকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী শামশের উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার মধ্যরাতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের বান্টিবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- সৈয়দ আকতার হোসেন লিটন (৪৫), মুকলেসুর রহমান ওরফে দয়াল বাবা (৫২) এবং দুলাল ওরফে দুলাল পাগলা (৩২)।
র্যাব কর্মকর্তা শামশের বলেন, “তারা গাজীপুর চৌরাস্তার আজিজ নামের এক ভিক্ষুকের জাতীয় পরিচয়পত্র ও আঙুলের ছাপ ব্যবহার করে মোবাইলের চারটি সিম তোলে এবং এই সিমগুলো দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলে প্রতারণা করে আসছিল।”
গত ২৫ ফেব্রুয়ারি মমতাজ হাসান নামের এক ব্যক্তি অভিযোগ করেন, কথিত শীর্ষ সন্ত্রাসী শাহাদতের পরিচয় দিয়ে তাকে ফোন করে এক ব্যক্তি মোটা অংকের চাঁদা দাবি করেছে।
ওই অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে র্যাব। তদন্তে জানা যায়, যে মোবাইল নম্বর দিয়ে চাঁদা দাবি করা হয়েছে তা তোলা হয়েছে আজিজ নামে এক ভিক্ষুকের পরিচয়পত্র ব্যবহার করে।
পরে সেই আজিজের নামে থাকা চারটি সিম ট্র্যাক করে প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল শামশের।
তিনি বলেন, “লিটন ওই চক্রের নেতা। সে মাজার ভক্ত। প্রায় এক যুগ আগে গাজীপুরের কোনাবাড়ির এক মাজারে মোখলেসুর রহমান নামে এক ফকিরের সঙ্গে তার পরিচয় হয়। বেশ কিছুদিন পর মোখলেসুরকে ‘দয়াল বাবা’ বলে ডাকা শুরু করে লিটন।
“সম্প্রতি মোবাইল সিম নিবন্ধনের আওতায় আসায় কৌশলে আজিজের পরিচয়পত্র ব্যবহার করে চারটি সিম সংগ্রহ করেন মোখলেসুর। ওই সিমগুলো দিয়েই পরে তারা পুরনো প্রতারণা শুরু করেন।”
এসব সিম ব্যবহার করে বিভিন্ন পেশার মানুষকে হুমকি দিয়ে টাকা আদায় করা হলেও নিরাপত্তার কথা ভেবে অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে খবর না দিয়ে বিকাশে টাকা পরিশোধ করেছেন বলে জানান র্যাব কর্মকর্তা শামশের।
তিনি বলেন, “গ্রেপ্তার হওয়ার পর তারা প্রতারণার কথা স্বীকার করে বলেছে, এভাবে প্রতারণা করতে গিয়ে এর আগেও একবার লিটন গ্রেপ্তার হয়েছিলেন।”
এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা- তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা শামশের উদ্দিন।
