Published : 27 Feb 2019, 04:40 PM
বুধবার বিকাল সাড়ে ৪টার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নুরুল আলম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণ মানুষ ‘জিম্মি হয়ে পড়ায়’ কাঁদুনে গ্যাসের শেল ছুঁড়ে সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ কর্মকর্তা নুরুল আলম জানান, দক্ষিণখানের মুন্সী মার্কেটের পাশের বস্তির বাসিন্দা রাজমিস্ত্রী আব্দুর রশীদের ৮ বছরের ছেলে রিফাত শনিবার থেকে নিখোঁজ ছিল। সোমবার রাত ১১টার দিকে পাশের অজিত কুমার বসাকের বাড়ির পানির ট্যাংকে তার লাশ পাওয়া যায়।
এই ঘটনায় অজিত ও তার স্ত্রী রেখা রানী বসাককে আসামি করে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। তাদের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকালে সড়কে এসে বিক্ষোভ শুরু করে বস্তির লোকজন।
“তারা মালিককে গ্রেপ্তার এবং ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ করলে তাদের বোঝানোর চেষ্টা করা হয়।কিন্তু তারা না মেনে সাধারণ মানুষকে একপ্রকার জিম্মি করে ফেলে এবং দুর্ভোগ বাড়তে থাকে। ফলে বাধ্য হয়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।”