Published : 05 Jul 2026, 02:52 PM
প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডি অভিনেতা আমির খান। আর এ নিয়ে তৃতীয়বার দাম্পত্যের সম্পর্কে জড়ালেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ের পালি হিলের বাড়িতে রোববার স্থানীয় সময় দুপুর পৌনে ১টায় ঘরোয়া আয়োজনে আইনিভাবে বিয়ে করেছেন আমির ও গৌরী। যে আয়োজন হয়েছে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে। বিয়ের যে ছবিটি সংবাদমাধ্যমে এসেছে, তাতে বর-কনেকে পাওয়া গেছে স্নিগ্ধ সাজে। আমিরের পরনে অফ হোয়াইট রংয়ের পাঞ্জাবি আর চোখে চশমা। গৌরী লম্বা হাতার জামার সঙ্গে ভারি গয়না পড়েছেন। ছবিতে দুজনের মাঝে দাঁড়িয়ে আছে গৌরীর সাত বছর বয়সি ছেলে। তবে আমির বা গৌরী, কেউই এখনও বিয়ের কোনো ছবি বা বিবৃতি প্রকাশ্যে আনেননি।
আমিরই জানিয়েছিলেন, গেল দুবছর ধরে একসঙ্গে থাকছেন তারা। বিয়ের আনুষ্ঠানিকতার পর সংসার শুরু হল এই দম্পতির।
সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে আমিরের পরিবারের সদস্যদেরও একে একে বাড়িতে পৌঁছতে দেখা গেছে। অভিনেতার বোনকে আগেভাগেই পালি হিলের বাড়িতে আসতে দেখা যায়। এরপর আসেন আমিরের বড় ছেলে জুনাইদ খান এবং স্বামী নূপুরকে নিয়ে মেয়ে ইরা খান। বিয়ের ছবিতে আমিরের পাশে দেখা গেছে তার তৃতীয় সন্তান আজাদ খানকে।
উপস্থিত হয় আম্বানি পরিবার। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সে সময় আচমকা বাড়ির ভেতরে একটি গাছ ভেঙে পড়ে আচমকা। পরে ভাঙা ডাল সরিয়ে আম্বানিদের বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। এরপরেই সস্ত্রীক উপস্থিত হন পরিচালক-অভিনেতা আশুতোষ গোয়ারিকড় এবং রাজনীতিবিদ রাজ ঠাকরে।
আমিরের বাড়িতে শনিবার থেকেই শুরু হয় সাজসজ্জার কাজ। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে, প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই কর্মীরা আলোর মালা লাগাচ্ছেন। আসবাবপত্র আনা এবং অনুষ্ঠানের প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করছেন কর্মীরা।
অনেককে রেইনকোট পরে কাজ করতে দেখা যায়। টানা বৃষ্টির মধ্যেও কোথাও থেমে থাকেনি প্রস্তুতি।
আগেই জানা গিয়েছিল বিয়ের ঘরোয়া আয়োজনে ১০০ থেকে ১৫০ জন অতিথি থাকবেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা রাখা হয়।
অতিথির তালিকা থেকে শুরু করে মধ্যাহ্নভোজে কী কী পদ থাকবে, তার সবকিছুই আমির ও গৌরী মিলেই ঠিক করেছেন।
গৌরীর সঙ্গে ৬১ বছর বয়সি আমিরের প্রেমের খবর সামনে আসে গেল বছর তার জন্মদিনে। আর এবার জুন মাসের শুরুতে তিনি জানিয়েছেন, ৫ জুলাই গৌরীকে বিয়ে করছেন তিনি। এছাড়া কদিন আগে সিনেমা ‘প্রীতম অ্যান্ড পেড্রো’–এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির নিজেই তার বিয়ের খবর নিশ্চিত করেন।

হিন্দুস্তান টাইমসের এক অনুষ্ঠানে গত বছর আমির বলেছিলেন, জীবনসঙ্গী খুঁজে পাওয়ার আশা তিনি প্রায় ছেড়েই দিয়েছিলেন। জীবনসঙ্গী হতে পারে এমন কাউকে আর খুঁজে পাবেন না বলেই তার কাছে মনে হচ্ছিল। কাউকে পাবেন সেই আশাই তিনি করেননি।
এরপর গৌরী সম্পর্কে তিনি বলেছিলেন, “সে (গৌরী স্প্র্যাট) জীবনে অনেক প্রশান্তি আর স্থিরতা নিয়ে এসেছে। আসলেই সে অসাধারণ মানুষ। নিজেকে সত্যিই অনেক ভাগ্যবান মনে করি যে তার সঙ্গে দেখা হয়েছে।
“আগের বিয়েগুলো হয়ত টেকেনি, কিন্তু আমাদের জীবন তো থেমে থাকেনি। আমি এখনো সুখী যে রীনা, কিরণ আর এখন গৌরীর মতো মানুষের আগমন ঘটেছে জীবনে। এ তিনজন আমার গড়ে ওঠার পেছনে খুব বড় অবদান রেখেছে। আমি তাদের অত্যন্ত সম্মান করি।”
এর আগে আমির তার ছেলেবেলার বন্ধু রীনা দত্তকে বিয়ে করেন ১৯৮৬ সালে। তাদের দুই সন্তান জুনায়েদ খান ও ইরা খান। জুনায়েদ ইতোমধ্যে চলচ্চিত্র জগতে কাজ করছেন। আর ইরা কাজ করছেন মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে।
১৬ বছর সংসারের পর ২০০২ সালে রীনার সঙ্গে আমিরের বিচ্ছেদ হয়।
এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০০১ সালে ‘লগান’ চলচ্চিত্রের শুটিং সেটে তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল। কিরণ সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলেন।
আমির খানের দ্বিতীয় সংসার জীবনও টেকে ১৬ বছর। ২০২১ সালে কিরণের সঙ্গে তার বিচ্ছেদ হয়। যদিও তারা যৌথভাবে ছেলে আজাদ খানের দেখভাল করছেন।
প্রবল বৃষ্টির মধ্যেই আমিরের বিয়ের প্রস্তুতি
আমিরের তৃতীয় বিয়ের সানাইয়ের সুর, থাকবেন ছেলেমেয়েরাও
আমিরের জীবনে নতুন সঙ্গী, বিয়ের ঘণ্টা বাজছে জুলাইয়ে
আবারো বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান
আমিরের প্রেমিকা কে এই গৌরী স্প্র্যাট?