২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুড়িহাট্টার ১৯ লাশের দাবিদার ২৩ পরিবার

চকবাজারের অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ ১৯ জনের মৃতদেহ এবং একটি বিচ্ছিন্ন হাতের মালিকের পরিচয় শনাক্তের জন্য ২৩টি পরিবারের ৩৮ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2019, 10:00 PM

Updated : 08 Apr 2022, 03:52 PM

সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, শনাক্ত না হওয়া মৃতদেহগুলোর মধ্যে পাঁচটির হাড় এবং বাকিগুলো থেকে টিস্যু ও রক্ত নেওয়া হয়েছে।

হাড় থেকে নেওয়া নমুনা এবং পরিবারের সদস্যদের দেওয়া নমুনা মেলাতে তিন সপ্তাহের বেশি সময় লাগবে। বাকিগুলোর সময় লাগবে ১০ থেকে ১২দিন।

গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টা মোড়ে কয়েকটি ভবনে আগুন লাগার পর ১৫ ঘণ্টার চেষ্টায় তা নেভায় ফায়ার সার্ভিস।

পরদিন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মোট ৭০টি বডি ব্যাগ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানোর কথা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়।

কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ ৬৭টি লাশ পাওয়ার কথা সাংবাদিকদের বলেন।

সংখ্যার গরমিলের বিষয়ে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক তারেক হাসান ভূইয়া তখন বলেন, তাদের হিসাবে লাশ ৭০টি।

“তবে কয়েকটা ব্যাগে খণ্ড খণ্ড ডেডবডি ছিল। সম্পূর্ণ ডেডবডি হয়ত ৬৭টি হতে পারে। কয়েকটি লাশ এতটাই পুড়েছে যে চেনার ‍উপায় নেই।”

পরের দুই দিনে ৪৮ জনের লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। বাকিদের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষার দায়িত্ব দেওয়া হয় সিআইডি পুলিশকে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার রুমানা আকতার সংবাদ সম্মেলনে বলেন, অগ্নিকাণ্ডে নিহত ৬৭ জনের ২৫৬টি ডিএনএ নমুনা তারা সংগ্রহ করেছেন। এছাড়া একটি বিচ্ছিন্ন হাতের ডিএনএ নমুনাও সংগ্রহে রাখা হয়েছে।

যেসব লাশের দাফন হয়ে গেছে সেগুলোর দাবি নিয়ে যদি কেউ আসে, তখনও সংগ্রহে থাকা নমুনা পরীক্ষা করার সুযোগ রয়েছে বলে জানান রেজাউল হায়দার।

তিনি বলেন, ২০১৪ সাল থেকে সিআইডির ডিএনএ ল্যাবে পরিচয় শনাক্তের কাজ হচ্ছে। এ পর্যন্ত ধর্ষণ, খুনসহ বিভিন্ন ঘটনার প্রায় ২৭০০ মামলার সাত হাজার আলামত এই ল্যাবে পরীক্ষা করা হয়েছে।