২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে প্রশ্ন নিয়ে শেখ সেলিমের প্রস্তাবে স্পিকারের সায়

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা শেখ ফজলুল করিম সেলিমের আপত্তিতে অনুপস্থিত সংসদ সদস্যদের প্রশ্ন গ্রহণ করলেন না স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2019, 08:58 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

সোমবার সংসদের বৈঠকের প্রশ্নোত্তর পর্ব চলাকালে অন্যান্য দিনের মতো প্রশ্নকারী সংসদ সদস্যের অনুপস্থিতিতে অন্য সদস্যদের সেই প্রশ্ন উত্থাপনের সুযোগ দেওয়া হচ্ছিল।

একাধিক প্রশ্নের ক্ষেত্রে এই পরিস্থিতি হলে দাঁড়িয়ে আপত্তি জানান ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাত বারের সংসদ সদস্য শেখ সেলিম।

পরে স্পিকার সংশ্লিষ্ট সংসদ সদস্যরা সংসদে উপস্থিত না থাকলে তার প্রশ্ন উত্থাপন করেননি।

প্রশ্নোত্তর চলাকালে সংসদে অনুপস্থিত নাটোর-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুপস্থিতিতে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানকে তার প্রশ্ন উত্থাপনের জন্য ফ্লোর দেন স্পিকার।

এ সময় শেখ সেলিম ফ্লোর নিয়ে অনুপস্থিত সংসদ সদস্যের প্রশ্ন অন্যকে দেওয়ার বিষয়ে আপত্তি তোলেন।

তিনি বলেন, “সংসদ সদস্যরা প্রশ্ন করে সংসদে অনুপস্থিত থাকেন। প্রশ্ন করে সংসদে না থাকা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। যারা প্রশ্ন করে উপস্থিত থাকবেন না তাদের প্রশ্ন উত্থাপন না করে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রশ্ন উত্থাপন করুন।”

এ সময় স্পিকার শেখ সেলিমকে ধন্যবাদ জানান।

এরপর থেকে সোমবারের প্রশ্নোত্তরের বাকি সময় তিনি অনুপস্থিত কোন সদস্যের প্রশ্ন অন্যকে করার সুযোগ না দিয়ে ওই প্রশ্ন ‘উপস্থাপন হলো না’ বলে ঘোষণা করেন।