২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ ট্রাকেও শেষ হয়নি ওয়াহেদ ম্যানশনের গুদামের রাসায়নিক সরানো

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা মোড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওয়াহেদ ম্যানশনের বেইজমেন্টের গুদামের রাসায়নিকসহ মালামাল ২৬টি ট্রাকে করে নিয়েও শেষ করা যায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2019, 01:16 AM

Updated : 18 Aug 2022, 04:54 PM

গত বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ওয়াহেদ ম্যানশনসহ অন্তত পাঁচটি ভবন ক্ষতিগ্রস্ত হয়, নিহত হয় অন্তত ৬৭ জন। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওয়াহেদ ম্যানশনের শুধু কঙ্কাল দাঁড়িয়ে আছে।

শুরুতে এই অগ্নিকাণ্ডের জন্য শিল্প মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে দায়ী করলেও এই ঘটনার তদন্তকারীরা এখন ওয়াহেদ ম্যানশনের রাসায়নিক কিংবা দাহ্য পদার্থকে সন্দেহ করছেন।

অগ্নিকাণ্ডের পর শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ওয়াহেদ ম্যানশনের গুদাম থেকে মালামাল সরানো শুরু করেন।

রোববার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ২৬ ট্রাক মাল সরিয়ে নেওয়া হয় বলে এতে যুক্ত এক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

ভেতরে আর আছে কি না- জানতে চাইলে তিনি ‘আছে’ বললেও কী পরিমাণ আছে তা জানাতে পারেননি।

চকবাজার থানার এসআই মো. জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনও কিছু মাল আছে। কয়েক ট্রাক নিলেই শেষ হয়ে যাবে।”

সিটি করপোরেশনের তত্ত্বাবধানে মালামালগুলো কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প এলাকায় নেওয়া হচ্ছে।

আগুনে ওয়াহেদ ম্যানশনের নিচতলা ও দোতলা সম্পূর্ণ এবং উপরের দুটো তলা অনেকখানি ক্ষতিগ্রস্ত হলেও বেইজমেন্টের রাসায়নিকের গুদাম টিকে যায়। 
ভবন পরীক্ষা
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় আগুনে পুড়ে যাওয়া ভবনগুলো কতটুকু ঝুঁকিপূর্ণ, তা পরীক্ষা শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গঠিত তদন্ত কমিটি।
সিটি করপোরেশনের তত্ত্বাধায়ক প্রকৌশলী মুন্সি মো. আবুল হাসেম বলেন, “শনিবার ও রোববার আল্ট্রসনিক পালস ভ্যালোসিটি (ইউপিভি) ও কার্বোনেশন টেস্ট অব কনক্রিট এবং ভবনগুলোর অবস্থান পরীক্ষা করেছি।
“বুয়েট ল্যাবে পরীক্ষা শেষে তিন-চার দিনে জানাতে পারব, ভবনগুলো ঝুঁকিপূর্ণ না ঝুঁকিমুক্ত। পরীক্ষার ফলাফলের পরই বলতে পারব, ভবনগুলো রাখা যাবে কি না “

সিটি করপোরেশন, বুয়েট, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার ১১ জন প্রতিনিধি রয়েছে এই কমিটিতে।
বুধবারের অগ্নিকাণ্ডের পর পাঁচটি ভবনের চারটি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

পুরনো খবর:

চুড়িহাট্টায় সিলিন্ডার বিস্ফোরণের ‘আলামত মেলেনি’
তবুও কেমিকেলের গুদাম সরাতে নারাজ তারা