২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে লেখা-মুখে দুই কথা মন্ত্রীর

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংসদে প্রশ্নের লিখিত জবাবে আগামী ২৬ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের কথা বললেও সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে অবস্থান পাল্টেছেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2019, 08:16 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর হয়।

সাতক্ষীরা-২ আসনের মীর মোস্তাক আহমেদ রবির প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী মোজাম্মেল বলেন, “মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে যাচাই-বাছাই করে তালিকা প্রণয়ন করা হয়েছে। ওই সব তালিকা পর্যালোচনা করে ২৬ মার্চ ২০১৯ এর মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।”

এর পরেই কিশোরগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ২৬ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করতে পারবেন- এই নিশ্চয়তা তিনি দিতে পারছেন না।

এর ব্যাখ্যায় মন্ত্রী বলেন, “উপজেলা ভিত্তিক যাচাই-বাছাইয়ের জন্য নীতিমালা করেছিলাম। সেই অনুযায়ী যাচাই-বাছাইয়ের নির্দেশ ছিল। তবে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে- কিছু উপজেলায় যথাযথভাবে হলেও অধিকাংশ উপজেলায় সঠিকভাবে যাচাই-বাছাই হয়নি।

Image
আ ক ম মোজাম্মেল হক (ফাইল ছবি)

আ ক ম মোজাম্মেল হক (ফাইল ছবি)

“নতুনভাবে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল গঠন হতে যাচ্ছে। এই গঠন প্রক্রিয়া শেষ হলে আমরা যেসব উপজেলায় নিয়ম মেনে যথাযথভাবে যাচাই-বাছাই হয়েছে সেগুলো অন্তর্ভুক্ত করব প্রকাশের জন্য। নিশ্চয়তা দিয়ে পারছি না ২৬ মার্চের মধ্যে আমরা এটা পারব। চেষ্টা করব আমরা যত দ্রুত সম্ভব এই তালিকা প্রকাশের।”

চুন্নু তার সম্পূরক প্রশ্নে বলেন, “আগামী ২৬ মার্চের আগে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন। আমরা স্থানীয় পর্যায় থেকে সঠিকভাবে যাচাই-বাছাই করে রিপোর্ট দিয়েছি। কিছু কিছু জায়গায় আপত্তি ছিল। যেগুলোতে কোনো আপত্তি নেই সেই তালিকা ২৬ মার্চের মধ্যে প্রকাশ হবে কি না?”

আল বদর-রাজাকারদের তালিকা প্রকাশ বিষয়ে আওয়ামী লীগের সাংসদ এ কে এম শামীম ওসমানের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, “জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তাদের সৃষ্ট আল বদর, আল শামস, রাজাকাররা ৩০ লাখ লোককে হত্যায় পাকিস্তানি বাহিনীতে সক্রিয় সহযোগিতা করেছিল।

“এই যুদ্ধাপরাধীদের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল, কিন্তু ২০০১ সালে চার দলীয় জোট ক্ষমতায় আসার পর ওই তালিকা সরিয়ে ফেলা হয়েছে। ফলে সেই তালিকা প্রস্তুত করতে সময় নিতে হচ্ছে। আমরা ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি তাদের কাছে যে তালিকা রয়েছে তা সংরক্ষণ ও মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার জন্য।”

স্বাধীনতার পর অনেকবার দেশের ‘রাজনৈতিক দৃশ্যপটের পরিবর্তন’ হওয়ায় এই তালিকা তৈরিতে সতর্কতা অবলম্বনের কথা বলেন মন্ত্রী।

“অন্যায়ভাবে কাউকে যেন দোষারোপ করা না হয়। যিনি অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন তাকে যেন তালিকাভুক্ত না করা হয়। তার কারণে অত্যন্ত সযত্নে সঠিক তালিকা তৈরির জন্য কাজ করে যাচ্ছি। অবশ্যই তালিকা ভবিষ্যতে জাতির সামনে পেশ করা হবে।”