যমুনা সেতু দুর্নীতি: নাজমুল হুদাকে দুদকের জিজ্ঞাসাবাদে তলব
দশ বছর আগের যমুনা সেতু রক্ষণাবেক্ষণ কাজে দুর্নীতি এক মামলায় সাবেক বিএনপি নেতা নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদে ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের ঢাকা-১ এর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলামের সই করা নোটিসে ২৭ ফেব্রুয়ারি নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদে হাজির হতে বলা হয়েছে।
চার দলীয় জোট সরকারের সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপি থেকে বেরিয়ে তৃণমূল বিএনপি নামে নতুন দল গঠন করেছেন। তিনি দলটির চেয়ারম্যান।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যমুনা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য একটি ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে ২০০৪ সাল থেকে ২০০৬ সালের মধ্যে ছয় লাখ টাকা ঘুষ গ্রহণের এক মামলার তদন্তের স্বার্থে নাজমুল হুদাকে তলব করা হয়েছে।
২৭ ফেব্রুয়ারি সকাল ১০ টায় তদন্ত কর্মকর্তার কার্যালয়ে তাকে উপস্থিত হতে বলা হয়েছে।
আদালতের নির্দেশে মামলাটির তদন্ত দীর্ঘদিন স্থগিত ছিল জানিয়ে প্রণব বলেন, সম্প্রতি আদালত স্থগিতাদেশ প্রত্যাহারের পর তদন্ত পুনরায় শুরু হয়।
২০০৮ সালের ১৮ জুন রাজধানীর মতিঝিল থানায় দুদকের করা এ মামলায় অভিযোগ করা হয়েছে, যমুনা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মার্গানেট ওয়ান লিমিডেটের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক থেকে আসামিরা বিভিন্ন চেকের মাধ্যমে ঘুষ গ্রহণ করেন।
তৎকালীন দুদকের সহকারী পরিচালক বেলাল হোসেনের করা মামলায় নাজমুল হুদার সঙ্গে তার স্ত্রী সিগমা হুদাও আসামি।
মামলার এজাহারে বলা হয়, তৎকালীন যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা মেসার্স মার্গানেট ওয়ান লিমিডেট থেকে সেতুর রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে প্রতি মাসে ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। এসব টাকা তার স্ত্রী সিগমা হুদার মালিকানাধীন ‘খবরের অন্তরালে’ পত্রিকার হিসাব নম্বরে জমা দিতে বলেন।
প্রতিষ্ঠানটি ব্যবসায়িক ক্ষতির কথা চিন্তা করে প্রতি মাসে ২৫ হাজার টাকা প্রস্তাক করলে নাজমুল হুদা তাতে রাজি হন বলে এহাজারে বলা হয়।
এরপর ওই ঠিকাদারী প্রতিষ্ঠান ১৯টি চেকের মাধ্যমে তাকে ছয় লাখ টাকা দেন বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা প্রণব।
