২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুড়িহাট্টা ট্র্যাজেডি: শোক প্রস্তাব উঠছে সংসদে

পুরান ঢাকা চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি শোক জানাতে জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2019, 03:14 PM

Updated : 08 Apr 2022, 03:52 PM

রোববার চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে সাংবাদিকদের একথা জানান স্পিকার।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিকিৎসক ও আহতদের স্বজ‌নের স‌ঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্পিকার।

পরে বার্ন ইউনিটের সামনে সাংবাদিকদের শিরীন শারমিন বলেন, “হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তবে তাদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসকরা।

“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের চিকিৎসার সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রেখেছেন।”

এ সময় স্পিকারের স‌ঙ্গে স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন,ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সামন্ত লাল উপস্থিত ছিলেন।

গত বুধবার রাতের ওই অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে নয়জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও নয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।