ভাষা আন্দোলন নিয়ে আরও কাজ করুন: রাষ্ট্রপতি
লেখক, গবেষক, চলচ্চিত্রকারসহ সৃষ্টিশীল সব পেশার প্রতিনিধিদের প্রতি ভাষা আন্দোলন নিয়ে আরও বেশি কাজ করে এর চেতনা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুক্রবার বঙ্গভবনে ভাষা আন্দোলন নিয়ে নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ এর প্রিমিয়ার শো উপলক্ষে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
বঙ্গভবনের দরবার হলে ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “মহান ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। ভাষা আন্দোলন ছিল আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নিজস্ব জাতিসত্তা, স্বকীয়তা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষারও আন্দোলন।”
“অমর একুশের অবিনাশী চেতনা-ই আমাদের যুগিয়েছে স্বাধিকার, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে অফুরন্ত প্রেরণা ও অসীম সাহস। ফেব্রুয়ারি রক্তঝরা পথ বেয়েই অর্জিত হয়েছে বাঙালির চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা, যার নেতৃত্ব দিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।”
ভাষা আন্দোলনের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভাষা আন্দোলন শুধু আমাদের মাতৃভাষার অধিকারই দেয়নি, দিয়েছে আমাদের গল্প, নাটক, চলচ্চিত্রসহ সাহিত্য ও সংস্কৃতিতে এক নতুন মাত্রা। তাই আমি আশা করব, আমাদের নাট্যকার, চলচ্চিত্রকার, লেখক, গবেষকসহ বুদ্ধিজীবীগণ মহান ভাষা আন্দোলন নিয়ে আরো বেশি কাজ করবেন। সবার মাঝে ছড়িয়ে দেবেন ভাষা আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্য।”
টিটু রহমানের ছোটগল্প ‘বউ কথা কও’র অনুপ্রেরণায় চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, সিয়াম, সাজু খাদেম, রওনক হাসান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত ও ভারতের যশপাল শর্মা প্রমুখ।
চলচ্চিত্রটির সংলাপ, চিত্রনাট্যও করেছেন তৌকীর আহমেদ।
পরে পরিবারের সদস্যদের নিয়ে সিনেমাটি দেখেন রাষ্ট্রপতি। সিনেমার কলাকুশলীসহ বঙ্গভবনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
