২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মহানগর পুলিশের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী

ঢাকা শহরে সরকারের উন্নয়নমূলক কাজ শেষ হলে যানজট অনেকাংশে কমে যাবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2019, 12:45 AM

Updated : 10 Oct 2022, 08:55 PM

বুধবার ঢাকা মহানগর পুলিশের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিকালে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এসময় মন্ত্রী, সংসদ সদস্য, কূটনৈতিক, সাংবাদিক, চলচ্চিত্র ব্যক্তিত্ব, ব্যবসায়ী, বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, অতীতের পুলিশ বর্তমান পুলিশ এক না। বর্তমান পুলিশ জনগণের বন্ধু হয়ে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পেরেছে।

গত ১০ বছরে ৮২ হাজারেরও বেশি পুলিশ সদস্য নিয়োগের কথা জানিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী পুলিশকে সবসময় অগ্রাধিকার দিয়ে থাকেন।”

সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও মাদক নির্মূলে পুলিশ বাহিনীর কাজের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজারবাগ মাঠে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন ও পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

পুলিশপ্রধান জাবেদ পাটোয়ারী বলেন, ৪৪ বছর আগে ঢাকা মহানগর পুলিশের যে শপথ নিয়ে পথচলা শুরু হয়েছিল, তা ঠিকভাবে পালন করার কারণে জনগণের আস্থা বেড়েছে।

“পুলিশ কখনোই জনগণের সহযোগিতা ছাড়া কাজ করতে পারে না। আর এই জনগণের কাছে যাওয়ার কাজটি ঢাকা মহানগর পুলিশ বেশ ভালোভাবেই করে যাচ্ছে।”

“মাদক ও জঙ্গিবাদ আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। জিরো টলারেন্স নীতি গ্রহণ করে মাদক ও জঙ্গিদের নির্মূল করতে হবে,” বলেন তিনি।

সচিব মোস্তফা কামাল উদ্দিন বলেন, সরকারের পক্ষ থেকে পুলিশের সক্ষমতা বাড়ানো অব্যাহত রয়েছে। এরপরেও বিভিন্ন সীমাবদ্ধতা মধ্যে ঢাকা মহানগর পুলিশ যে কাজ করে যাচ্ছে, তা প্রশংসার দাবি রাখে।

সবাইকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীর প্রায় ২ কোটি মানুষের জানমালের নিরাপত্তায় অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এই পুলিশ।  

“জনবান্ধব, নারী ও শিশুবান্ধব পুলিশি ব্যবস্থায় ডিএমপি’র ৩৪ হাজার সদস্য বদ্ধপরিকর।”

জমকালো এই অনুষ্ঠানের পর সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে প্যারেড গ্রাউন্ডে আতশবাজি প্রদর্শনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।