হাওর দুর্নীতি: ৩৩ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র
সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে হাওরে বাঁধ নির্মাণে গাফিলতিতে করা মামলায় নতুন ৬ আসামিসহ মোট ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য রোববার এ তথ্য জানান।
তিনি বলেন, দুদকের ওই মামলার ৬১ জনের মধ্যে ৩৪ জনকে বাদ দিয়ে নতুন ছয়জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে মোট ৩৩ জনের বিরুদ্ধে এ অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়।
দুর্বল ও অসমাপ্ত বাঁধ ভেঙে প্লাবন ও ফসলহানির পেছনে হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি, অনিয়ম এবং কর্তব্যে অবহেলার অভিযোগ এনে ২০১৭ সালের জুলাই মাসে ৬১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দণ্ডবিধির ৪০৯, ১৬৬, ৫১১ ও ১০৯ ধারায় এই মামলা করা হয়েছিল বলে সে সময় দুদক থেকে জানানো হয়।
মামলার আসামিদের মধ্যে ১৫ জন সিলেট বিভাগ ও সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। বাকি ৪৬ জন ঠিকাদার।
মামলা দায়েরের দিনই আসামিদের মধ্যে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বরখাস্ত নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দীন ও স্থানীয় যুবলীগ নেতা ঠিকাদার মো. বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করছিলেন তদন্তকারীরা।
এখন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইব্রাহিম ট্রেডার্স অ্যান্ড শামিম আহসানের স্বত্ত্বাধিকারী মো. বাচ্চু মিয়া ছাড়াও পানি উন্নয়ন বোর্ড সিলেট অঞ্চলের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাই (পিএলআর), সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলামকে (বর্তমানে পূর্বাঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী) অভিযোগপত্র থেকে বাদ পড়েছেন।
অভিযোগপত্রের ৩৩ আসামি
তদন্তে আসা নতুন ছয় আসামি হলেন- পানি উন্নয়ন বোর্ডের সিলেট সার্কেলের সহকারী প্রকৌশলী লিংকন সরকার, উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্চন কুমার দাস, সহকারী প্রকৌশলী (সুনামগঞ্জ) অনিক সাহা, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, নিহার রঞ্চন দাস এবং মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেডের পরিচালক (কন্সট্রাকশন) মো. শরিফুল ইসলাম।
সুনামগঞ্জ অঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত মহাপরিচালকের দপ্তর) মো. আফছার উদ্দীনসহ অভিযোগপত্রে থাকা অন্যান্য পাউবো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী প্রকৌশলী (ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগ) মো. খলিলুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল্লা, উপ-সহকারী প্রকৌশলী (নেত্রকোণা) ইব্রাহিম খলিল উল্লাহ খান, উপ-সহকারী প্রকৌশলী (কক্সবাজার) খন্দকার আলী রেজা, উপ-সহকারী প্রকৌশলী (ঢাকা) মো. শাহ আলম, উপ-সহকারী প্রকৌশলী (সাতক্ষীরা) মোহাম্মদ মাহমুদুল করিম, উপ-সহকারী প্রকৌশলী (ঢাকা) মো. মোছাদ্দেক এবং উপ-সহকারী প্রকৌশলী (ঝালকাঠি) সজিব পাল।
অন্যদিকে ঠিকাদাররা হলেন- মো. আফজালুর রহমান, পার্থ সারথী পুরকায়স্থ, শেখ মো. মিজানুর রহমান, আবুল মহসীন মাহবুব, নিয়াজ আহমেদ খান, মিলন কান্তি দে, খান মো. ওয়াহিদ রনি, মো. সোয়েব আহমেদ, মো. ইউনুস, মো. আব্দুল কাউয়ুম, মো. আতিকুর রহমান, মো. গোলাম সরোয়ার, মো. নুরুল হক, মো. শাহরিন হক মালিক, মোকসুদ আহমেদ, মো. সাইদুল হক, কাজি হাসিনা আফরোজ ও শেখ আশরাফ উদ্দিন।
প্রেক্ষাপট
২০১৬ সালে সুনামগঞ্জের ৩৭টি হাওরের ডুবে যাওয়া বাঁধ নির্মাণ ও সংস্কার কাজে ৬৫ কোটি টাকার দুটি প্রকল্প নেওয়া হয়।
পরের বছর মার্চের শেষ দিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে যায় দেশের উত্তর-পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ হাওর এলাকা।
অকাল বন্যায় ক্ষতির শিকার হয় আট লাখ ৫০ হাজার ৮৮টি পরিবারও।
গত বছর জুনে হাওর উন্নয়ন বিষয়ক এক গোলটেবিল আলোচনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ২০১৭ সালে বন্যায় হাওরের ফসল ভেসে গিয়ে প্রায় ১০০ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। শীতকালীন ফসলের প্রায় ৯০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্বল ও অসমাপ্ত বাঁধ ভেঙে প্লাবন ও ফসলহানির পেছনে বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দুর্নীতিকে দায়ী করে ঢাকায় মানববন্ধন ও সভা-সমাবেশও হয়।
অভিযোগ ওঠার পর সাময়িক বরখাস্ত হন সিলেটে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (উত্তর-পূর্বাঞ্চল) মো. আব্দুল হাই এবং সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দীন।
ঘটনার ওই বছরের ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বলেন, বাঁধ নির্মাণে কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জের মিঠামঈন থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসা রাষ্ট্রপতি আবদুল হামিদও সে সময় হেলিকপ্টারে করে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।
এই প্রেক্ষাপটে হাওর রক্ষা বাঁধ প্রকল্পে দুর্নীতির অভিযোগে দুদকের পরিচালক মোহাম্মদ বেলাল হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি নিয়ে তদন্ত শুরু করে দুদক।
দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে দুদকের একটি দলের জিজ্ঞাসাবাদে সুনামগঞ্জে হাওরের বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে অনিয়মের কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারাও।
