নিজের খেলায় খেলবে-শিখবে রোহিঙ্গা শিশুরা
রোহিঙ্গা শিশুরা যেন নিজেদের ঐতিহ্যবাহী খেলা এবিসিডি লোয়ারকেছি, চিকা অথবা আন্ধা মাঝি খেলতে খেলতেই শিখতে পারে, সেলক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে ব্র্যাক।
ছয় বছর বয়স পর্যন্ত শিশুদের উপযোগী বেশ কিছু খেলা ও শেখার মডেল নিয়ে রাজধানীর সাভারে ব্র্যাক সিডিএম প্রাঙ্গণে ‘হিউম্যানিটারিয়ান প্লে ল্যাব’ মঙ্গলবার উদ্বোধন হয়।
দুই দিনব্যাপী ‘প্লে সামিটের’ দ্বিতীয় দিনে লেগো ফাউন্ডেশনের সহযোগিতায় এই মডেল প্রকল্প প্রদর্শন করা হয়।
এই মডেলগুলো ব্র্যাকের বিভিন্ন পাইলট প্রকল্পে কাজ করছে বলে সম্মেলনে জানায় বেসরকারি সংস্থাটি।
ব্র্যাকের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (আইইডি) নির্বাহী পরিচালক ইরাম মারিয়াম বলেন, “রোহিঙ্গা শিশু, কিশোর-কিশোরী ও নারীদের প্রত্যক্ষ সহযোগিতায় ব্র্যাকে হিউম্যানিটারিয়ান প্লে-ল্যাবগুলো তৈরিতে কাজ করছে ব্র্যাক। এতে রোহিঙ্গাদের নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টির আবহ ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে।”
সম্মেলনে জানানো হয়,২০১৭ সাল থেকে এ পর্যন্ত কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ব্র্যাকের ২৫০টি প্লে-ল্যাবে অন্তত ৪০ হাজার শিশু শিক্ষা গ্রহণ করছে।
ইরাম বলেন, “রোহিঙ্গা ক্যাম্পগুলোর আশেপাশে থাকা উপকরণ দিয়েই এসব ল্যাব তৈরি করা সম্ভব হয়েছে।”
প্লে-ল্যাবের ধারণা নিয়ে ইরাম মারিয়াম বলেন, “হিউম্যানিটারিয়ান প্লে-ল্যাব মডেলটি মূলত ০-৬ বছর বয়সী শিশুদের উপযোগী করে তৈরি।
এর মাধ্যমে রোহিঙ্গা শিশুদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে বলে মনে করেন ব্র্যাকের এই কর্মকর্তা।
তিনি বলেন, এই পদ্ধতি রোহিঙ্গা শিশুদের নতুন পরিবেশে খাপ খাওয়াতে এবং শৈশবকে নতুনভাবে উপভোগ করতে সাহায্য করেছে।
এই সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মহিউদ্দিন আহমেদ তালুকদার, লেগো ফাউন্ডেশনের লেসলি প্যাট্রিশিয়া হোস্ট।
একটি অধিবেশনে ‘ক্লাউন উইদাউট বর্ডার’ নামের সংগঠন ক্লাউন শো প্রদর্শন করে।
