স্কুলে যাওয়ার পথে মাইক্রোবাসের চাপায় শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর উত্তরায় স্কুলে যাওয়ার পথে মাইক্রোবাসের চাপায় পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত ফাইজা তাহসিনা সূচি (১০) উত্তরার মাইলস্টোন স্কুলে পড়ত। তার বাবা ফাইজুল ইসলাম দৈনিক ইত্তেফাকের একজন সহকারী সম্পাদক।
তুরাগ থানার ওসি নুরুল মুত্তাকিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে বাবা-মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল সূচি। উত্তরার দিয়াবাড়ি এলাকায় ১০ নম্বর ব্রিজের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়।
দুর্ঘটনার পরপরই সূচিকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, মাইক্রোবাসটি নাটকের শুটিংয়ের কাজে ব্যবহৃত হচ্ছিল। গাড়িটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
