রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানকে আরও সম্পৃক্ত করতে চায় ইন্দোনেশিয়া
নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানকে আরও বেশি সম্পৃক্ত হতে হবে বলে মনে করছে ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদিও সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তার দেশের এই অবস্থান তুলে ধরেন।
সফররত ইন্দোনেশিয়ার মন্ত্রী সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের জন্য রাখাইনে যে অবকাঠামো নির্মিত হচ্ছে তা দেখতে আসিয়ানের দুটি প্রতিনিধিদল মিয়ানমার সফর করবে বলেও জানিয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, চীন, ভারত ও জাপান রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য বাড়ি-ঘর তৈরি করছে।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক উন্নয়ন বিশেষ করে নারীর ক্ষমতায়নের প্রশংসা করেন বলে প্রেসসচিব জানান।
এসময় শেখ হাসিনা বলেন, প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা, ক্রীড়া এবং সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীগুলোসহ সব ক্ষেত্রে দেশের নারীরা বর্তমানে খুবই উচ্চ পদে রয়েছেন।
দুদেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা ও রেতনো। চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।
