এসএসসিতে নম্বর বাড়িয়ে দেওয়ার প্রলোভন, শিক্ষার্থী গ্রেপ্তার
এসএসসির মূল্যায়নপত্রে নম্বর বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ফেইসবুক পেইজ খুলে বিকাশের মাধ্যমে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে এক এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ভূঁইঘর এলাকা থেকে রিফাত (২০) নামের ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।
রিফাত স্থানীয় একটি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী হলেও ফেইসবুকে নিজেকে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মচারী হিসেবে উল্লেখ করেছেন এবং প্রোফাইলে ঢাকা শিক্ষা বোর্ডের লোগো ব্যবহার করেছেন।
রিফাত ফেইসবুকে নিজের নাম রাইহান আহমেদ ব্যবহার করেছেন। আর যে ফোন নম্বরটি ব্যবহার করা হয়েছে সেটি তার বাবার নামে নিবন্ধিত।
এছাড়াও রিফাত ‘এসএসসি এইচএসসি কোশ্চেন আউট ২০১৮ এক্সামিন অল বোর্ড’ নামের আরেকটি ফেইসবুক আইডি ব্যবহার করেও প্রতারণা করে আসছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এসব অভিযোগ পাওয়ার পর প্রযুক্তি ব্যবহার করে রিফাতের অবস্থান শনাক্তের পর তাকে গ্রেপ্তার করা হয়।
