২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুরকার আলাউদ্দিন আলীকে দেখতে হাসপাতালে ফখরুল

অসুস্থ সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীকে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2019, 03:49 PM

Updated : 18 Aug 2022, 04:48 PM

মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এই প্রখ্যাত সুরকার।

বেলা ২টার দিকে বিএনপি মহাসচিব গুরুতর অসুস্থ আলাউদ্দিন আলীর শয্যার পাশে কিছু সময় অবস্থান করে তার চিকিৎসার খবর নেন। সুরকারের স্ত্রী ও মেয়ের সাথেও কথা বলেন তিনি।

এ সময়ে সুরকার মনিরুজ্জামান মনির, কন্ঠশিল্পী মনির খান, চিত্রনায়ক হেলাল খান, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন উপস্থিত ছিলেন।

শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২২ জানুয়ারি আলাউদ্দিন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথমে তাকে ইউনিভার্সাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আলাউদ্দিন আলীর মেয়ে কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দিন সেদিন বলেছিলেন, কার্ডিয়াক অ্যারেস্টের পর তাৎক্ষণিকভাবে তার বাবাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

রক্তচাপ কমে যাওয়ায় তার রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গিয়েছিল। এছাড়া ফুসফুসে সমস্যা ছাড়াও রক্তে সংক্রমণ এবং নিউমোনিয়াও আছে এই সুরকারের।

ডা. দেলোয়ার হোসেন ও জাকির হোসেন সরকারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জে। প্রায় তিন শতাধিক চলচ্চিত্রের গানে সুর দিয়েছেন তিনি।