২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকার, ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2019, 04:55 PM

Updated : 10 Oct 2022, 08:54 PM

বৃহস্পতিবার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্পিকার। পরে ডেপুটি স্পিকারও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

প্রধান হুইপ নূর ই আলম চৌধুরীর নেতৃত্বে হুইপ আতিউর রহমান আতিক, পঞ্চানন বিশ্বাস, ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি, সামশুল হক চৌধুরী এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপনও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, স্পিকার, ডেপুটি স্পিকার ও হুইপরা।

পরে সাংবাদিকদের স্পিকার শিরীন শারমিন বলেন, “৩০ জানুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ সরকারের প্রতি আস্থা রেখেছে। গণতন্ত্রের অব্যাহত অগ্রযাত্রায় একাদশ জাতীয় সংসদ অনন্য মাইলফলক হয়ে থাকবে। জনগণের প্রত্যাশা পূরণ ও সার্বিক কল্যাণে কাজ করবে সরকার।”

স্পিকার বলেন, “সংসদে সরকারি দল ও বিরোধী দলের গঠনমূলক আলোচনা, সমালোচনা ও বিতর্কের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র আরও সুসংহত করতে একাদশ সংসদ ভূমিকা রাখবে।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন বিস্ময়। উন্নয়নকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে একাদশ সংসদ কাজ করে যাবে। সুশাসন নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দূর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।”

বুধবার টানা তৃতীয়বারের মত স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন এবং দ্বিতীয় দফায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন ফজলে রাব্বী।