২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে পরবর্তী ধাপের প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের নিজেদের সঠিকভাবে প্রস্তুত করে নেওয়ার পরামর্শ দিলেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2019, 10:15 PM

Updated : 10 Oct 2022, 08:53 PM

বুধবার রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১৮তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে ছিলেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “নীতি-নৈতিকতা, দায়িত্বশীলতা, কর্মনৈপুণ্য, পেশাদারিত্ব ও দেশপ্রেম হোক তোমাদের ভবিষ্যৎ বাংলাদেশের পথচলার পাথেয় ও নিয়ামক।

“দেশ তোমাদের কী দিল, সেটা না দেখে দেশকে তুমি কতটুকু দিলে সেটাই তোমরা দেখবে। দেশ, জাতি ও আপামর জনগণের কল্যাণে অর্জিত জ্ঞানকে কতটুকু কাজে লাগাতে পারলে সেটাই তোমাদের সফলতা।”

এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের দুই হাজার ৭৩ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। স্বর্ণপদক পান বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থী।

শিক্ষার্থীদের কাছে সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে উদ্যোক্তা হয়ে ছোট পরিসরে হলেও ব্যবসা শুরু করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এতে আর্থিক স্বচ্ছলতার পাশাপাশি মানসিক আত্মতৃপ্তি আসবে, কর্মসংস্থানও সৃষ্টি হবে।”

মাদকের ভয়াল ছোবল থেকে নিজেদের দূরে রেখে আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের মন ও সমাজের অন্ধকার দূর করার তাগিদ দেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

নানা মতাদর্শ ও পথের পার্থক্য ভুলে সবাইকে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে।

“অর্জিত স্বাধীনতাকে অর্থপূর্ণ করতে সবাইকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে।”

‘বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ সবার’ উল্লেখ করে শিক্ষার্থী ও পরবর্তী প্রজন্ম যেন প্রকৃত ইতিহাস জানতে পারে সে লক্ষ্যে শিক্ষকরা কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেন মোজাম্মেল হক।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক ও জটিল বাস্তবতার পৃথিবীতে একাডেমিক জ্ঞানের বিস্তার ও তরুণ নেতৃত্ব তৈরিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অগ্রণী ভূমিকা পালন করছে।”

এ সময় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অমান্য করার বিষয় তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশে এখন ১০৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। একটি উল্লেখযাগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অভ্যাস হয়ে গেছে সরকারের যে আইন সেটা না মেনে তাদের কার্যক্রম পরিচালনা করা। শিক্ষামন্ত্রী অনেকবার চেষ্টা করেছে, তাদের ভুল-ভ্রান্তির জন্য এক্ষেত্রে খুব বেশি সফল হয়েছি- এটা কিন্তু আমরা দাবি করতে পারছি না।”

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হক, ইস্ট ওয়েস্ট ট্রাস্টি বোর্ডের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।

সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী, গ্রাজুয়েট ও তাদের অভিভাবকরা।