২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ফের তলব করে প্রতিবাদ

মিয়ানমারের কর্মকর্তাদের কাছ থেকে বাংলাদেশ নিয়ে আবারও ভিত্তিহীন বক্তব্য আসায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকে ফের ডেকে নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2019, 08:54 PM

Updated : 18 Aug 2022, 04:46 PM

তলব করায় মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ।

তার কাছে মংডুর ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে মিয়ানমারের সরকারি কর্মকর্তার বক্তব্যের ব্যাখ্যা দাবি করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া উইং) মো. দেলোয়ার হোসেন।

গত ২৪ জানুয়ারি রাখাইন প্রদেশের মংডু জেলায় পুলিশের চৌকিতে যে হামলা হয়েছে, সেই হামলাকারীরা বাংলাদেশ থেকে গিয়েছিল বলে দাবি করেছেন মিয়ানমারের জেনারেল অ্যাডমিনস্ট্রেশন ডিপার্টমেন্টের কর্মকর্তারা।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের প্রশ্নে বলেন, “মিয়ানমার পুরোপুরি ভুয়া ও অতিরঞ্জিত বক্তব্য দিচ্ছে।”

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের ওই বক্তব্য পুরোপুরি ভিত্তিহীন।

“ওই দিন বাংলাদেশ থেকে কোনো দল বা ব্যক্তির সীমান্ত অতিক্রমের ঘটনা ঘটেনি এবং বাংলাদেশ থেকে ওপারের দিকে গুলিবর্ষণের কোনো ঘটনাও ঘটেনি।”

বাংলাদেশ যখন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আন্তরিকভাবে এগিয়ে যাচ্ছে, তখন মিয়ানমারের এই ধরনের অতিরঞ্জিত বক্তব্য অপমানজনক, বলা হয় বিবৃতিতে।

Image
এর আগেও বিভিন্ন সময় তলব করা হয় মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উকে (ফাইল ছবি)

এর আগেও বিভিন্ন সময় তলব করা হয় মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উকে (ফাইল ছবি)

এটাকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের প্রয়াস হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে এবং কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে না দিতে বদ্ধপরিকর।

রাখাইনে দুই বছর আগে সেনা অভিযান শুরু হলে নিপীড়নের মুখে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তারও আগে থেকে চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে এই শরণার্থীদের ফেরত নিতে মিয়ানমার চুক্তিবদ্ধ হলেও এখনও প্রত্যাবাসন শুরু হয়নি।

পুরনো খবর:

‘মুসলিম বিদ্বেষী’ মন্তব্য: মিয়ানমারকে ক্ষমা চাইতে আহ্বান
বিদ্রোহী আস্তানা নিয়ে মিয়ানমারের অভিযোগ ভিত্তিহীন: বাংলাদেশ