ফকিরাপুলে দুই ভবনের মাঝে তরুণীর লাশ
ঢাকার ফকিরাপুলে দুটি ভবনের মাঝের সরু স্থান থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
অপরা আক্তার লুসি (২৪) নামে এই তরুণী ফকিরাপুলেই মা-বাবার সঙ্গে থাকতেন এবং পান-সিগারেটের একটি ভ্রাম্যমাণ দোকান চালাতেন।
তিন দিন ধরে নিখোঁজ লুসির দেহে আঘাতের চিহ্ন থাকায় এটা হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ কমিশনার শিবলী নোমান।
সোমবার বিকালে ২২১ ও ২২২ নম্বর ভবনের মাঝখান থেকে লুসির লাশটি উদ্ধার করা হয়। তিনি থাকতেন ২৩২ নম্বর বাড়িতে।
২২১ নম্বরের চারতলা ভবনটি নির্মাণাধীন। পুলিশ কর্মকর্তা শিবলী নোমানের ধারণা, হত্যার পর এই ভবন থেকে লুসির লাশ ফেলে দেওয়া হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
“তবে তাকে কারা এবং কেন হত্যা করেছে, সে বিষয়টি এখনও পরিষ্কার না। প্রাথমিকভাবে জানা গেছে, লুসি মাদকাসক্ত ছিল।”
গত বৃহস্পতিবার থেকে লুসিতে পাওয়া যাচ্ছিল না বলে তার পরিবার পুলিশকে জানিয়েছে।
লুসির মা বিভিন্ন বাড়ি ও মেসে কাজ করেন।
পুলিশ লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
