লুই কানের নকশা স্থাপত্য অধিদপ্তর ও আর্কাইভে দিল সংসদ
যুক্তরাষ্ট্র থেকে আনা জাতীয় সংসদ ও আশপাশের এলাকার স্থপতি লুই আই কানের নকশা স্থাপত্য অধিদপ্তর ও ন্যাশনাল আর্কাইভের কাছে হস্তান্তর করেছে জাতীয় সংসদ।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী রোববার দুটি সরকারি কর্তৃপক্ষের হাতে এক সেট (১০ বাক্স) করে নকশা হস্তান্তর করেন।
স্থাপত্য অধিদপ্তরের পক্ষে প্রধান স্থপতি কাজী গোলাম নাসির ও ন্যাশনাল আর্কাইভের পক্ষে মহাপরিচালক দিলীপ কুমার সাহা নকশা বুঝে নেন।
২০১৬ সালের ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের মহাফেজখানা থেকে লুই আই কানের তৈরি করা ৮৫৩টি নকশা ঢাকায় এসে পৌঁছে। ৪১টি বাক্সে মোট চার সেট নকশা রয়েছে।
দুই সেট নকশা সংসদ সচিবালয়ের কাছে থাকবে।
২০১৪ সালে লুই কানের প্রতিষ্ঠানের কাছ থেকে সংসদ ভবনের মূল নকশা আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর লুই কানের প্রতিষ্ঠান ডেভিড অ্যান্ড উইজডমের সঙ্গে যোগাযোগ শুরু করে স্থাপত্য অধিদপ্তর। নকশাগুলো পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির আর্কিটেকচারাল আর্কাইভে থাকায় সরকারের পক্ষ থেকে সেখানেও যোগাযোগ করা হয়।
নকশা হস্তান্তর অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন লুই আই কানের নকশাকে বিশ্ব সম্পদ আখ্যা দিয়ে এর যথাযথ সংরক্ষণে সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান।
এর আগে সংসদ সচিব জাফর আহমদ খান, প্রধান স্থপতি কাজী গোলাম নাসির এবং মহাপরিচালক দিলীপ কুমার সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে হস্তান্তর চুক্তিতে সই করেন।
