যে স্মৃতি সতত সুখের
প্রতিবছরের মতো এবারও নতুন-পুরনোদের নিয়ে স্মৃতি জাগানিয়া আরেকটি বিকেল পার করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরজি বিভাগের সাবেকরা।
শুক্রবার বিকালে টিএসসিতে এই মিলনমেলায় অর্ধশত বছর আগের শিক্ষার্থী যেমন এসেছেন বিশ্ববিদ্যালয়ের প্রিয়প্রাঙ্গণ টিএসসিতে, তেমনি গেল বছর পাস করা শিক্ষার্থীও আসেন সবুজ চত্বরে।
নিজেদের গৌরবোজ্জ্বল অতীত নিয়ে পূর্বসূরিরা আলোকিত করেন উত্তরসূরিদের। পরস্পরের মেলবন্ধনে মাঘের বিকেলে উষ্ণতা ছড়ায় এক ঝাঁক সাবেক শিক্ষার্থীর আন্তরিকতায়।
বিকাল ৩টা থেকে টানা ছয় ঘণ্টা ঘুরে ফিরে পিঠাপুলিতে আড্ডা, ছবি তোলায় পার করেন ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীরা। তারা যেন ফিরে পান সেই প্রাণবন্ত অতীত, সেই ক্লাস রুমের কোলাহল, সেই শিক্ষক-সহপাঠী এবং অনুজ-অগ্রজের আন্তরিকতা, স্নেহাশিষ।
কত দিন পর দেখা, সেই স্মৃতি ধরে রাখতে ছবি তুলতে দাঁড়িয়ে যান সাবেক শিক্ষার্থীরা
অশীতিরপর এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকলেই এ বিভাগের ছাত্র ছিল, এই পরিচয়টাই এখানে বড়। এ বিভাগের গৌরব, এ বিভাগের পরিচয়টা তারা ধারণ করে। ইংরেজি বিভাগের সাবেকদের নিয়ে মিলনের এ জায়গা অন্য সব ক্ষেত্রের চেয়ে আলাদা। দিনশেষে পরস্পরের এ মেলবন্ধন আমরা সাথে করে নিয়ে যাই।”
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে লেখাপড়া শেষে পঞ্চাশের দশকের শেষদিকে সেখানেই শিক্ষক হিসেবে যোগ দেন সিরাজুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন পুরনো শিক্ষার্থীদের মিলনমেলার জায়গা।
“এ সম্মিলনের জায়গা এখন সংকুচিত হয়েছে, এ মেলবন্ধনের নানা রকম অন্তরায় রয়েছে, দেয়াল রয়েছে। তবে এ রকম জায়গায় যখন আমরা মিলিত হই তখন একটা সমতার ভিত্তিতে সবার দেখা হয়।”
তরুণদের ব্যস্ত দেখা যায় সেলফি তোলায়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই। আর ইংলিশ ডিপার্টমেন্ট অ্যালামনাই সোসাইটি (ইডাস) যাত্রা শুরু করে ১৯৮৬ সালের ডিসেম্বরে।
সাধারণত জানুয়ারির শেষ শুক্রবার পুনর্মিলনীর জন্য বেছে নেওয়া হয়। এবার একটি বনভোজন আয়োজনেরও পরিকল্পনা চলছে বলে ইডাসের পক্ষ থেকে জানানো হয়েছে।
টিএসসির সবুজ চত্বরে টেবিলে টেবিলে খণ্ড খণ্ড মিলনমেলায় আড্ডা-আনন্দে সময় কাটান ইরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীরা।
পুনর্মিলনীতে যোগ দিয়ে তিনি বলেন, “আমরা তারুণ্যে অনেক সময় এখানে কাটিয়েছি, আড্ডা মেরেছি। উচ্ছ্বল তারুণ্য ছিল আমাদের। সে সময়গুলো আমার কাছে মনে হয়, অনেক ভালো ছিল। আমরা লড়াই করতাম, আমরা প্রতিবাদী ছিলাম, বিদ্রোহী ছিলাম, বিপ্লবী ছিলাম।”
১৯৮৪-৮৫ ব্যাচের শিক্ষার্থী তৌফিক ইমরোজ খালিদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক।
সময়ের সঙ্গে অনেক কিছুর মতোই টিএসসির সবুজ চত্বরও যেন তার আগের চেহারা হারিয়েছে বলে মনে করেন তৌফিক খালিদী।
পুনর্মিলনীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী
১৯৬৫ সালে স্নাতকোত্তর করা নাট্যকর্মী রামেন্দু মজুমদার বলেন, স্মৃতি হাতড়াতে এই আয়োজন কখনো ‘মিস’ করেন না তিনি।
“ঢাকায় থাকলে আমিও প্রতিবছর এদিনে আসার চেষ্টা করি। অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়। তবে এ বছর এখনও আমার ব্যাচের কারো সঙ্গে দেখা হয়নি। কারণ, আমরা অনেক আগে পাস করেছি। আমি এমএ পাস করেছি ১৯৬৫ সালে।”
অনুষ্ঠানে অন্যদের সঙ্গে নাট্যকর্মী রামেন্দু মজুমদার
“পরিচিতদের সঙ্গে দেখা হলে সেই পুরনো দিনে ফিরে যাই আমরা, গল্পগুজব করি। স্মৃতি সততই সুখের।”
পুনর্মিলনী নিয়ে উচ্ছ্বসিত ইডাস সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, “প্রথমত এটা টিএসসি। আমাদের স্মৃতির সঙ্গে টিএসসি গভীরভাবে জড়িত। এ জায়গায় যখন আমরা জড়ো হই এটা আরও বেশি নতুন মাত্রা পায়।”
এভাবে অনেকের সঙ্গে ফ্রেমবন্দি হন অ্যালামনাই সোসাইটির সাধারণ সম্পাদক ও সাবেক সচিব হেদায়েত উল্লাহ আল মামুন
স্ত্রী মেহেজেবুন্নেসা রহমান টুম্পাকে নিয়ে পুনর্মিলনীতে আসেন ডাকসুর সাবেক জিএস ও জাতীয় পার্টির নেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলু
এই মিলনমেলা শুধু আনন্দ-আড্ডাই নয়, দায়িত্ববোধের কথাও মনে করিয়ে দেয় বলে মনে করেন উন্নয়নকর্মী রাশেদা কে চৌধুরী।
“আমরা যারা বাইরে-ভেতরে আছি, শিক্ষকরা আছেন- যখন একত্র হই তখন শুধু স্মৃতিময় অনুভূতি নয়, আমাদের মনে করিয়ে দেয় সমাজের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে।”
অনুষ্ঠানে যোগ দেন নানা পেশায় যুক্ত বিভাগের সাবেক শিক্ষার্থীরা
শিক্ষা বিস্তারে কাজ করা গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, “শুধু বিশ্ববিদ্যালয়ের ডিগ্র নিয়ে বের হওয়া নয়, আলোকিত মানুষ হওয়ার জন্য এখানে আমরা। আমাদের অঙ্গীকার সবার মাঝে ছড়িয়ে দেব, একসঙ্গে মিলিত হব, সবাই আলোকিত হব।”
তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে আলাপচারিতায় কবি গুলতেকিন খান
১৯৯৩-১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী সঙ্গীতশিল্পী মেহরীন মাহমুদ বলেন, “প্রতি বছরই আমি একই রকম অনুভূতিতে ফিরে যাই।
“আমার খুব একটা আনন্দ ফুর্তি করা, ঘুরে বেড়ানোর লিবার্টি ছিল না। মায়ের ইচ্ছে ছিল আমাকে ইংরেজি পড়ানোর। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি অন্যরকম।”
বন্ধুরা মিলে ছবি তোলা
রোকেয়া হলেই প্রথম ব্যান্ড গান গাওয়ার কথাও জানিয়ে দেন শিল্পী মেহরীন।
স্বামী মো. জাহিদুল ইসলামকে নিয়ে অনুষ্ঠানে আসেন সাবেক শিক্ষার্থী শামীম আরা রহমান। তিনি বলেন, “ভীষণ ভালো লাগছে। খুব এক্সাইটেড ফিল করছি, এখানে দিনটা খুবই ভালোভাবে কাটে।”
জীবনসঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, “আমরা দুজন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের জীবন একসঙ্গে কাটিয়েছি; এক সময় প্রেম করেছি, এখন জীবনসঙ্গী আমরা।সবার সঙ্গে দেখা হবে, তাই এ দিনটির জন্য আমরা দুজনই অপেক্ষা করি।”
পুনর্মিলনীতে ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীদের আনন্দ-আড্ডা
২০১৩-২০১৪ সালের শিক্ষার্থী নাজনীন আফরোজ মৌলি বলেন, “সব সময় সবার সঙ্গে দেখা হবে না। প্রতিদিনই দেখা হত সবার। এ ধরনের প্রোগ্রামের জন্য ওয়েট করি যেন দেখা হবে আবার। আসলে পরিচিত জায়গায় এলে সব সময় অন্য রকম অনুভূতি হয়। টিএসসি আসতাম আড্ডা দিতে, এবার এসেছি অন্যভাবে। সিনিয়রদের সঙ্গে দেখা হবে। অনেকের নাম শুনেছি, টিভিতে দেখেছি। আজ কথা বলব, ছবি তুলব। এভাবেই আমাদের স্মৃতিতে ধরে রাখা।”
বিকালে অনুষ্ঠান শুরুর আগেই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানে সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানান বিভাগের একদল শিক্ষার্থী।
পুনর্মিলনী যেন হয়ে ওঠে ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও চেয়ারপারসন কাজল বন্দ্যোপাধ্যায়ও।
সন্ধ্যায় বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী নয় শিক্ষার্থীকে ইডাসের পক্ষ থেকে বৃত্তি তুলে দেওয়া হয়।
ইডাস নতুন কমিটি নির্বাচনের কমিশনার অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম নতুন কমিটি ঘোষণার পর টিএসসির আকাশে ছিল আতশবাজির ঝলকানি। সবশেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।
নতুন কমিটি ঘোষণার পর চোখধাঁধানো আতশবাজির ঝলকানি
ইডাস সভাপতি রাশেদা কে চৌধুরী এবং সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ আল মামুন মাঠে ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
ডাকসুর সাবেক জিএস জাতীয় পার্টির নেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাবেক সচিব মোস্তফা মহিউদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. সদরুল আমিনকেও দেখা যায় পুনর্মিলনীর আড্ডায়।
