২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির নতুন কমিটি

বার্ষিক পুনর্মিলনীতে বরাবরের মতোই নতুন কমিটি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি (ইডাস)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2019, 08:51 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

সভাপতি পদে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব হেদায়েতউল্লাহ আল মামুন পুনর্নির্বাচিত হয়েছেন।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পুনর্মিলনী অনুষ্ঠানে ২১ সদস্যের নতুন কমিটির সঙ্গে দুইজন উপদেষ্টার নামও ঘোষণা করেন এই নির্বাচনের কমিশনার অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

উপদেষ্টা হিসাবে সাবেক সভাপতি ওয়াজির সাত্তারের সঙ্গে আছেন ছয়বারের সাবেক সাধারণ সম্পাদক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে আগের কমিটির দুজন, অধ্যাপক মোবাশ্বেরা খাতুন ও সৈয়দ সাদাকাত হোসেনই থাকছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদেও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খানের উপর পুনরায় আস্থা রেখেছে ইডাস।

পদাধিকার বলে বিভাগীয় প্রধান অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সদস্য পদে আগের কমিটির সদস্য এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, অধ্যাপক নেভিন ফরিদা, ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা সামিনা আমিন, অধ্যাপক আব্দুর রাজ্জাক মিয়া, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুস সামাদ আল আজাদ, আয়কর কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী, শাহিনুল হুদা জুয়েল, উদ্যোক্তা হুমায়রা চৌধুরী, তরুণ কর্পোরেট নির্বাহী আকিব জাভেদ, ফাহিম দাদ খান ও সৈয়দ নাকিব সাদীর সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছেন অধ্যাপক রুবিনা খান, শাহাদাৎ হোসেন ও ম্যাডলেন হাসান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগ ইংরেজির প্রায় শতবর্ষের পথচলার মধ্যে ১৯৮৬ সালের ডিসেম্বরে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত হয় ইডাস। এরপর সংগঠনটির আয়োজনে প্রতি বছরই জানুয়ারিতে পুনর্মিলনী হচ্ছে।

কমিটি ঘোষণার সময় পরবর্তী বছর থেকে কমিটির মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করার পরামর্শ দেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

তিনি বলেন, “প্রতিবার নতুন কমিটি হলে নিজেদের গুছিয়ে নিতে এবং সবাইকে চিনতেই সময় চলে যায়। তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নিতে পারেন না। এক্ষেত্রে দুই বছর করা হলে তারা ভালোমত কাজ করতে পারবেন।”