২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বসছে ‘আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব’

ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকায় বসছে তিন দিনের ‘আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব’, যেখানে সাত দেশের আলোকচিত্রীদের ১৪৫টি একক আলোকচিত্র প্রদর্শিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2019, 08:16 PM

Updated : 18 Aug 2022, 04:44 PM

আগামী ২৭ থেকে ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি), চারুকলা অনুষদের বকুল তলা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫ ও ৬ নম্বর গ্যালারিতে এসব ছবি নিয়ে চলবে প্রদর্শনী।

ওই চারদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসবের সব প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।  

ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মিমু দাস বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় টিএসসি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে উৎসবের সূচনা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানও শোভাযাত্রায় উপস্থিত থাকবেন।

সেদিন বেলা ১১টায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের উপস্থিতিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম ও আলোকচিত্রী নাসির আলী মামুন উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।

মিমু দাস বলেন, সিঙ্গেল ক্যাটাগরিতে ১১১টি, পোর্টফোলিও ক্যাটাগরিতে ৯৭টি এবং স্টোরি ক্যাটাগরিতে ১৬টি ফটো স্টোরি এ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে৷ এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির সদস্যদের ৩৪টি আলোকচিত্র স্থান পাচ্ছে এ উৎসবে।

উৎসবের দ্বিতীয় দিন আলোকচিত্রীদের জন্য থাকছে মিট দ্যা জাজ় সেশন, আর্টিস্ট টক পর্ব। এছাড়া বক্স ক্যামেরার ফটোগ্রাফি, পোর্টফলিও রিভিউ এবং আলোকচিত্রের ওপর ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনীর আয়োজন থাকছে উৎসবে।

৩০ জানুয়ারি উৎসবের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের আলোকচিত্র আন্দোলনের অন্যতম পথিকৃত মনজুর আলম বেগকে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটির পক্ষ থেকে আজীবন সম্মাননা (মরণোত্তর) দেওয়া হবে। সম্মাননা গ্রহণ করবেন তার ছেলে ইমতিয়াজ আলম বেগ৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা আন্তর্জাতিক আলোকচিত্র উৎসবের এবারের আসরের মিডিয়া পার্টনার।