২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ-দুর্নীতির অভিযোগে তিন জেলায় ৩ জন গ্রেপ্তার

তিন জেলায় দুর্নীতির অভিযোগ ও ঘুষের টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2019, 05:35 PM

Updated : 18 Aug 2022, 04:44 PM

বুধবার কিশোরগঞ্জ, বরিশাল ও গোপালগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তিনি বলেন, সকাল ১১টায় কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) অফিস থেকে সার্ভেয়ার মো. গিয়াস উদ্দিনকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করেছে দুদকের একটি দল।

কিশোরগঞ্জের বাসিন্দা এম এ হাকিম শাহর লিখিত অভিযোগের ভিত্তিতে দুদকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. কামরুল হাসানের তত্ত্বাবধানে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন। অন্যদিকে সকাল ১০টায় গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার সোনালী ব্যাংক লিমিটেডের ভাটিয়া পাড়া শাখার কর্মকর্তা মো. আকতার হোসেনকে বিভিন্ন ভুয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে জাল-জালিয়াতির মাধ্যমে দুই কোটি ৫৫ লাখ সাত হাজার টাকা ঋণ দেখিয়ে আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে দুদকের আরেকটি দল। ২০১৭ সালের ২৯ নভেম্বর ছয় জনকে আসামি করে এ বিষয়ে কাশিয়ানি (গোপালগঞ্জ) থানায় দুদক একটি মামলা দায়ের করে। এ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রাজ কুমার সাহা। অপরদিকে সরকারি চাল আত্মসাৎ করার অভিযোগে বরিশাল সদর উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমানুল্লাহকে বরিশাল শহরের চৌমাথা এলাকা থেকে গ্রেপ্তার করেছে দুদকের একটি দল। প্রণব বলেন, আমানুল্লাহর বিরুদ্ধে দুদকের ভিজিডি কার্ডধারী স্থানীয় ২৫১ জনকে ২০ কেজি করে কম চাল দিয়ে প্রায় পাঁচ টন চাল আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে; যার মূল্য এক কোটি ৮২ লাখ ৪২৬ হাজার টাকা৷ গত বছরের ২৭ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী বাদী হয়ে আমানুল্লাসহ দুইজনকে আসামি করে মামলাটি করেন।