স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালককে জিজ্ঞাসাবাদ দুদকের
দরপত্র জালিয়াতির অভিযোগ পেয়ে তার অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (বাজেট) ডা. আনিসুর রহমানকে।
সোমবার এই জিজ্ঞাসাবাদ শেষে দুপুর আড়াইটায় সাংবাদিকদের সামনে এসে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আসা অভিযোগ ‘ভিত্তিহীন'ভ
ডা. আনিসুরকে বেলা ১১ থেকে সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. সামছুল আলম।
স্বাস্থ্য অধিদপ্তরে ‘ভুয়া দরপত্রের’ মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতে সহকারী পরিচালক আনিসুরের সম্পৃক্ততার অভিযোগ পেয়েছে দুদক।
জিজ্ঞাসাবাদের পর আনিসুর সাংবাদিকদের বলেন, “আমি বাজেট শাখায় কাজ করি। আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বাজেট পত্রে স্বাক্ষর করি। যে কাজটার জন্য বলা হয়েছে টেন্ডার জালিয়াতিতে জড়িত, আমি তো টেন্ডার প্রক্রিয়ার সাথেই জড়িত না। বাজেটটা এখন থেকে কিভাবে অর্থ ছাড় হয়েছে, সে বিষয়ে আমাকে দুদক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।”
তাহলে কি উর্ধ্বতন কর্তৃপক্ষ জড়িত- এ প্রশ্নে তিনি বলেন, “প্রমাণ না হওয়া ছাড়া কারো বিরুদ্ধে কিছু বলা যাবে না।”
দরপত্র জালিয়াতি করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ ও অর্থপাচারের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে গত ৯ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের দুই পরিচালকসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক।
তাদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (লাইন ডিরেক্টর) ডা. কাজী জাহাঙ্গীর হোসেন ও লাইন ডিরেক্টর (চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি) অধ্যাপক ডা. আবদুর রশীদ অসুস্থতার কারণ দেখিয়ে দুদকে হাজির হতে সময় চেয়ে আবেদন জানিয়েছেন।
গত বৃহস্পতিবার অধিদপ্তরের হিসাবরক্ষক কর্মকর্তা আফজাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
