শ্রমিক বিক্ষোভ: গ্রেপ্তার ৮ জনকে রিমান্ডে পায়নি পুলিশ
মজুরি কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে ঢাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভের মধ্যে গ্রেপ্তার শ্রমিক নেতা কবির খান মনিরসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়েও পায়নি পুলিশ।
পুলিশের আবেদন নাকচ করে সোমবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রাজিব হাসান ওই আটক শ্রমিক নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে পুলিশ চাইলে তাদের কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেজন্য তিন দিন সময় বেঁধে দেওয়া হয়েছে বলে ওই আদালত সংশ্লিষ্ট পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানিয়েছেন।
আদালতে শুনানির সময় গার্মেন্ট শ্রমিক ঐক্যফ্রন্টের সভাপতি কবির খানের স্ত্রী নীলা খান এবং বিভিন্ন শ্রমিক নেতা উপস্থিত ছিলেন।
শ্রমিকদের আইনজীবীরা বলেন, শুনানির সময় নিয়ম অনুযায়ী আসামি হিসেবে কবির খানকে এজলাসে হাজির করার কথা থাকলেও তাকেসহ দুজনকে আনা হয়নি।
আসামি পক্ষে আইনজীবী ছিলেন মাহাববুবুর রহমান ইসমাইল, মহিবুর রহমান মিহির।
বিচারক আদেশের আগে তাদের কাছে জানতে চেয়েছিলেন, “একটা আনরেস্ট তো হয়েছে, এরা কি জড়িত নয়?”
উত্তরে আইনজীবীরা বলেন, সরকারের মজুরি কাঠামো সংশোধনের আগে কিছু কিছু জায়গায় কিছু ঘটনা ঘটেছে, কিন্তু কোনো ঘটনাতেই এই ব্যক্তিরা জড়িত ছিলেন না।
সাভারে সংঘর্ষের চিত্র
কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি, যন্ত্রপাতি ভাংচুর ও লুটপাট করে ১ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে এই শ্রমিক নেতা-কর্মীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলাটি হয়।
গত ৬ জানুয়ারি ও ১২ জানুয়ারির ঘটনা নিয়ে রোববার মামলাটি করেন জে কে গ্রুপের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৬০ থেকে ১৬৫ জনকে আসামি করা হয়েছে।
মামলায় গ্রেপ্তার ৮ জনকে তিন দিনের রিমান্ডে চেয়ে পুলিশের আবেদনে বলা হয়েছিল, মূল রহস্য উদঘাটন, চোরাই মাল উদ্ধারসহ অজ্ঞাতনামা পলাতকদের নাম-ঠিকানা সংগ্রহের জন্য এই আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।
গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি দাবি
বিক্ষোভের মধ্যে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি দাবি করেছে গার্মেন্ট শ্রমিক সংহতি।
সংগঠনের সভাপ্রধান তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শামা সোমবার এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।
শ্রমিক বিক্ষোভ চলাকালে সাভারে সুমন মিয়া নামের শ্রমিকের মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করে তা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানিয়েছে শ্রমিক সংহতি।
ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে পোশাক শ্রমিকের মজুরি কাঠামো সংশোধন করে বেতন যেটুকু বাড়ানো হয়েছে, তাকে অন্যায্য বলেছেন গার্মেন্ট সংহতির নেতারা।
বিবৃতিতে বলা হয়, “গত ৮/১০ দিনে গড়ে ওঠা প্রবল শ্রমিক আন্দোলনের প্রেক্ষিতে ত্রিপক্ষীয় বৈঠকের প্রহসনে শ্রমিকদের ধোঁকা দিয়ে যে মজুরি সমন্বয় করা হল, তা অন্যায্য। মজুরি সমন্বয়ের নামে ১৫ টাকা (৬ষ্ঠ গ্রেডে), ২০ টাকা (৫ম গ্রেডে) বা ১০২ ও ২৫৫ টাকা (যথাক্রমে ৪র্থ ও ৩য় গ্রেডে) বৃদ্ধি একেবারেই লোক দেখানো।
“এই বৃদ্ধির ভেতর দিয়ে শ্রমিকদের জীবন মানের কোনো তারতম্য ঘটবে না। বরং এই বৃদ্ধির ভেতর দিয়ে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি ৪৪ লক্ষ গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনকে এবং শ্রমিকদেরকে অসম্মানিত করা হল।”
শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার গত রোববার সর্বশেষ মজুরি কাঠামোর ছয়টি গ্রেড সংশোধন করে মোট বেতন ১৫ টাকা থেকে ৭৮৬ টাকা বাড়ায়।
