চিকিৎসায় বিদেশে যাওয়া কমাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতি
চিকিৎসার জন্য রোগীদের বিদেশ যাওয়া কমাতে জটিল রোগের চিকিৎসায় সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে চিকিৎসকদের বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দশ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি একথা বলেন।
বিএসএমএমইউ উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া প্রতিনিধি দলে নেতৃত্ব দেন।
সাক্ষাতের পর রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় উপাচার্য বিএসএমএমইউয়ের সার্বিক কর্মকাণ্ড বিশেষ করে একাডেমিক ও চিকিৎসা কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”
সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। রাষ্ট্রপতি মানুষ যাতে সুলভে চিকিৎসা সেবা পেতে পারে সেজন্য চিকিৎসকদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
প্রেস সচিব জানান, বিএসএমএমইউকে একটি বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান উল্লেখ করে রাষ্ট্রপতি এখানে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান যাতে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমে আসে।
