সশস্ত্র বাহিনী কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী
চতুর্থবারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর শিখা অনির্বানে পুস্পস্তবক অর্পণ করে স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শেখ হাসিনা।
রোববার সকালে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বানে পৌঁছলে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও)।
ছবি: আইএসপিআর
এরপর সশস্ত্র বাহিনী বিভাগে নিজ কার্যালয়ে প্রথম কর্মদিবস কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন।
গত সোমবার টানা তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রোববারই তিনি সশস্ত্র বাহিনী বিভাগে প্রথম অফিস করলেন বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ছবি: আইএসপিআর
সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান এবং পিএসও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে সর্বস্তরের কর্মকর্তা ও অন্যান্য পদবির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
